২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসাপাতালে ১৫ জনের ছানি অপসারণ

কোটালীপাড়ার দেবগ্রাম আশ্রায়ণ থেকে বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম শুরু করা হয় জাতীয় শোক দিবসে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2022, 08:08 PM

Updated : 16 Aug 2022, 06:22 PM

জাতীয় শোক দিবসে গোপালগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটে ১৫ জনের চোখের ছানি অপসারণ করা হয়েছে।

সোমবার বিনামূল্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবগ্রাম আশ্রয়ণ কেন্দ্রের এই বাসিন্দাদের চোখের ছানি অপসারণ করা হয়।

ওই হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসী বলেন, দেবগ্রাম আশ্রায়ণ প্রকল্প থেকে ১২ অগাস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম শুরু করা হয়।

“আমরা চক্ষু পরীক্ষা, দৃষ্টিশক্তি, রক্তচাপ, রক্তের সুগার পরীক্ষা শেষে ওষুধ ও চশমা বিতরণ করছি। এখান থেকে ১৫ জন ছানি রোগী বছাই করেছি। ছানি রোগীদের আশ্রয়ণ কেন্দ্র থেকে হাসপাতালের গাড়িতে করে ১৩ ও ১৪ অগাস্ট চক্ষু হাসপাতালে নিয়ে আসি। ১৫ অগাস্ট শোক দিবসের সকালে চক্ষু হাসপাতালে বিনামূল্যে তাদের ছানি অপারেশন করা হয়েছে।”

ফলোআপ ও কাউন্সিলিং শেষে মঙ্গলবার চক্ষু হাসপাতালের গাড়িতে করে তাদের আবার আশ্রয়ণ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান।

তিনি বলেন, এভাবে গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলার ৬০টি আশ্রয়ণ কেন্দ্রে বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম পরিচালনা করে প্রান্তিক জনগোষ্ঠীর ছানি ও ডায়াবেটিসজনিত অন্ধত্ব মোচন করা হবে।

দেবগ্রাম আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা ফরিদা বেগম (৬০) বলেন, “আমি অত্যন্ত অসহায়। চোখে দেখতে পারতাম না।”

সংসারের কাজ ও চলাফেরা করতে তার সমস্যা হতো জানিয়ে তিনি বলেন, “এতে কষ্টের কোনো অন্ত ছিল না। ডাক্তার দেখানোর সামর্থ্য আমার নাই। চক্ষু হাসপাতালের ডাক্তাররা আমাদের আশ্রয়ণ কেন্দ্রে গিয়ে চোখ পরীক্ষা করে ছানি পায় । তারা বিনা খরচে আমাকে হাসপাতালে এনেছে। চোখের অপারেশন করে দিয়েছে। এখন আবার বাড়ি পৌঁছে দেবে।”

তিনি বলেন, “বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি চোখের আলো ফিরে পেয়েছি। এদিন আমাদের শোকের দিন। তাই চোখের আলো ফিরে পেয়ে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করছি।”

আশ্রয়ণের বাসিন্দা নিখিল হালদার (৬০) বলেন, “আমরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ভোট দেই। তিনি আমাদের ভোটে প্রধানমন্ত্রী হন। এটি আমাদের জন্য গর্বের।”

প্রধানমন্ত্রীর তাদের জন্য চক্ষু হাসপাতাল করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে শোক দিবসে ছানিমুক্ত হয়ে বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ অগাস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করেন।

ছানি অপারেশন হওয়া ১৫ জনের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। এরা হলেন জরিনা বেগম (৫৫), ফরিদা বেগম (৬০), ধীরেন মধু (৬৫), নিখিল হালদার (৬০) ও এস্কেন্দার (৬৫)।