বরিশালে নদী থেকে দুই নারীর লাশ উদ্ধার
হাতের আঙ্গুলের চামড়া উঠে যাওয়ায় পরিচয় শনাক্তের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছেন ওসি।
বরিশাল সদর ও বাবুগঞ্জ উপজেলার দুই নদী থেকে অজ্ঞাত দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বাবুগঞ্জ থানার ওসি তুষার কান্তি মণ্ডল এবং সদর নৌ-পুলিশ থানার ওসি আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
বাবুগঞ্জ থানার ওসি তুষার কান্তি জানান, দুপুর সাড়ে ১২টায় এলাকাবাসী সুগন্ধা নদীর রাজগুরু নতুন চর এলাকায় লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে।
“ওই নারীর বয়স আনুমানিক ৪৫ হবে। ১০ থেকে ১৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। শরীরে উপরের অংশে একটি গেঞ্জির মত রয়েছে। নিচের অংশে কিছু ছিল না। লাশটি অন্য কোথাও থেকে ভেসে এসেছে। কারণ এই এলাকায় কেউ শনাক্ত করতে পারেননি।
ওসি আরও বলেন, “লাশ পচে যাওয়ায় মৃত্যুর কারণ সম্পর্কে কোনো কিছু ধারণা করা যাচ্ছে না। মৃত্যুর কারণ জানতে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তে বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে।
এ ঘটনায় বাবুগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে ওসি জানান।
বরিশাল সদর নৌ-পুলিশ থানার ওসি আব্দুল জলিল বলেন, কালিজিরা নদীর জাগুয়া ইউনিয়নের খয়েরদিয়া এলাকার চৌধুরী পাড় এলাকার কচুরিপানার মধ্য থেকে নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
“হাতে শাখা, লীল রংয়ের শাড়ি ও লাল রঙের ব্লাউজ পরিহিত ওই নারীর বয়স আনুমানিক ৩৫ বছর হবে। শ্যামলা বর্ণের ওই নারীর উচ্চতা আনুমানিক ৪ ফুট ১০ ইঞ্চি হবে। শরীরে কোনো আঘাতের চিহৃ পাওয়া যায়নি।
হাতের আঙ্গুলের চামড়া উঠে যাওয়ায় পরিচয় শনাক্তের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন জানিয়ে ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে বলে ওসি জানান।
