বান্দরবানে পর্যটককে ছুরিকাঘাত: ২ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার
পুলিশ সুপার জানান, আহত ভিকটিম এখন অনেকটা সুস্থ।
বান্দরবানে ছুরিকাঘাত করে পর্যটক দম্পতির মোবাইল-টাকা ছিনতাইয়ের ঘটনা জড়িত থাকার অভিযোগে দুই ‘ছিনতাইকারী’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছিনতাইয়ের ঘটনায় বুধবার রাতে পর্যটন চাকমাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন পুলিশ সুপার সৈকত শাহীন।
গ্রেপ্তাররা হলেন, বান্দরবান সদরের হাফেজ ঘোনা এলাকার আবদুল আলমের ছেলে আবদুর রহমান ওরফে বাছা (২৮), মেঘলা পর্যটন চাকমা পাড়া এলাকার মৃত সেলিমের ছেলে মহিউদ্দিন (২২)।
এ ঘটনায় জড়িত মুন্না নামে আরও একজনকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
সোমবার জেলা প্রশাসন পরিচালিত মেঘলা পর্যটন কেন্দ্রে ছিনতাইয়ের শিকার হন ময়মনসিংহ থেকে মোটরসাইকেলযোগে বান্দরবান ভ্রমণে আসা তসলিম উদ্দিন দম্পতি।
পর্যটন কেন্দ্রে ভ্রমণ শেষে সন্ধ্যা সাড়ে ৫টায় ফেরার পথে গতিরোধ করে তসলিম উদ্দিনকে ছুরিকাঘাত করে নগদ ২৫ হাজার টাকা ও দুইটি স্মার্টফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
পরে বান্দরবান সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তসলিমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই করা টাকা উদ্ধার করা না গেলেও ছিনতাইয়ের শিকার তসলিমের ব্যবহৃত মানিব্যাগ এবং মোটরসাইকেলের চাবি উদ্ধার করা হয়েছে। তবে মোবাইল ফোন উদ্ধারে অভিযান চলছে।
আরেক প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, আহত ভিকটিম এখন অনেকটা সুস্থ।
পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ সর্বোচ্চ সচেষ্ট আছে বলেও জানান তিনি।
পুরানো খবর
