২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে পর্যটককে ছুরি মেরে ফোন, টাকা ছিনতাই

তসলিমকে বান্দরবান সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেলে।

বান্দরবানে পর্যটককে ছুরি মেরে ফোন, টাকা ছিনতাই

ফাইল ছবি

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 09:34 PM

Updated : 18 Dec 2023, 10:07 PM

বান্দরবান ভ্রমণে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক দম্পতি। ছিনতাইকারীর ছুরিতে আহত হয়েছেন একজন; খুইয়েছেন টাকা ও মোবাইল ফোন।  

বান্দরবান টুরিস্ট পুলিশের ওসি জাহাঙ্গীর আলম বলেন, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে মেঘলা পর্যটন কেন্দ্রের কেবল কার পয়ন্টের উপরে দোকান ঘর এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তসলিম উদ্দিন (৩২) ও তার স্ত্রী ঋতু আক্তার (১৮)।

মালমাল ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় ছিনতাইকারীরা তসলিম উদ্দিনের পেটে ছুরি মেরেছে।

বান্দরবান সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেলে।

তসলিম উদ্দিন মুক্তাগাছার তারাকান্দা পূর্ব পাগলি গ্রামের মৃত নাইম উদ্দিনের ছেলে।

তার স্ত্রী ঋতু আক্তার জানান, দুপুরে ময়মনসিংহ থেকে মোটরসাইকেল করে তারা বান্দরবানে বেড়াতে আসেন।

“মেঘলা পর্যটন কেন্দ্র ঘুরে সন্ধ্যায় ফেরার পথে কেবল কার পয়েন্টের একটু উপরে নির্জন এলাকায় পৌঁছালে দুই যুবক আমাদের আটকে সবকিছু দিয়ে দিতে বলে। তসলিম দিতে অস্বীকার করলে তার পেটে ছুরি মেরে ২টি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তারা।”

মেঘলা পর্যটন স্পটের এক দোকানি বর্ষা তঞ্চঙ্গ্যা বলেন, নারীকণ্ঠের চিৎকার শুনে লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

টুরিস্ট পুলিশের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।”