মুরাদনগর থানার ওসিকে হঠাৎ প্রত্যাহার
প্রত্যাহারের আগে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়ার পথে কোম্পানীগঞ্জ বাজারে যানজটে পড়েন।
কুমিল্লার মুরাদনগর থানার ওসি আবুল হাসিমকে হঠাৎ প্রত্যাহার করা হয়েছে।
শনিবার বেলা ২টার দিকে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কন্ট্রোলরুমে সংযুক্ত করা হয় বলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী আবদুর রহীম জানান।
তিনি এর কোনো কারণ বলেননি। এ নিয়ে তিনি কোনো মন্তব্যও করতে চাননি।
পুলিশ কর্মকর্তারা জানান, সকালে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সড়কপথে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে মুরাদনগর হয়ে সেখানে পৌঁছানোর কথা তার। পথে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে পড়েন দীর্ঘ যানজটে।
কিন্তু ওসি হাসিম তা জানতেন না। খবর পেয়ে সাদা পোশাকে ছুটে যান তিনি। এর কিছুক্ষণ পরই আসে প্রত্যাহারের আদেশ। তবে সেখানে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
ওসি আবুল হাসিম বলেন, “ডিআইজি স্যার এ পথে যাবেন, এমন কোনো তথ্য আমার কাছে ছিল না। সড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ নিয়োজিত ছিল। তার পরও আমার জানা থাকলে রাস্তা অবশ্যই যানজটমুক্ত রাখতাম।”
এ নিয়ে আর কোনো কথা বলতে রাজি হননি তিনি।
নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, “পুলিশের বদলি কিংবা প্রত্যাহার একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও ওসি আবুল হাসিরের বিষয়টি একটু ব্যতিক্রম। রেঞ্জ ডিআইজি একটি থানার সড়কপথে যাচ্ছেন, অথচ ওসি জানবেন না, এটা হতে পারে না। তাই হয়ত তাৎক্ষণিকভাবে ওসিকে প্রত্যাহার করা হয়েছে।”
