মিষ্টি নিয়ে তর্ক: কাঠ মিস্ত্রীকে পিটিয়ে মারলো ‘স্বজনেরা’
তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়ার ধুনটে পারিবারিক অনুষ্ঠানে মিষ্টি নিয়ে বাকবিতণ্ডার জেরে এক কাঠ মিস্ত্রীকে তার স্বজনরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডোহরি গ্রামে মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে ধুনট থানার এসআই রুহুল আমিন জানান।
নিহত কাঠমিস্ত্রী আলমগীর হোসেন (৪৫) ওই গ্রামের মহির উদ্দিনের ছেলে।
আলমগীরের লাশ উদ্ধার করে আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান এসআই।
ঘটনার বর্ণনায় প্রতিবেশী লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন আগে আলমগীরের ভাতিজা সজীবের স্ত্রী সন্তান প্রসব করেন। সে উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত আত্মীয় স্বজনদের মধ্যে মিষ্টি বিতরণ করা হচ্ছিলো।
“এ সময় মিষ্টি কম পড়ায় সেটি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। তারপর আলমগীরকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটায় তার স্বজনরা।”
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন বলে জানান লুৎফর।
