২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূকে ‘চাকরির কথায় ডেকে নিয়ে দলবেঁধে ধর্ষণ’

গৃহবধূর অভিযোগ, ইটভাটায় রান্নার চাকরির কথা বলে তাকে খুলনা নগরীতে নিয়ে আসেন তার এক প্রতিবেশী।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2023, 10:46 PM

Updated : 14 Feb 2023, 11:33 AM

খুলনায় ইটভাটায় রান্নার চাকরির কথায় ডেকে নিয়ে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার ভোরে খুলনা নগরীর জিরোপয়েন্টের ফাতেমাবাগ এলাকায় একটি বাড়িতে চারজন তাকে ধর্ষণ করে।

তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং ওসিসির ফোকাল পার্সন ডা. অঞ্জন চক্রবর্তী জানান, হাসপাতালে ওই নারী বলেছেন, রোববার তাকে খুলনার কয়রা উপজেলার একটি গ্রাম থেকে নগরীর জিরোপয়েন্ট এলাকায় নিয়ে আসেন তার গ্রামের এক প্রতিবেশী।

ওই গৃহবধূর অভিযোগ, সোমবার ভোরে জিরোপয়েন্টের ফাতেমাবাগ এলাকার একটি বাড়িতে তাকে রাখা হয়; ভোরেই তার ওই প্রতিবেশীসহ চারজন তাকে ধর্ষণ করে।

ডা. অঞ্জন জানান, ওই নারীর কিছু পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার আরও কিছু পরীক্ষা করা হবে।

ফাতেমাবাগ এলাকা খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানার আওতাধীন।

লবণচরা থানার ওসি এনামুল হক জানান, “এখনও ধর্ষণের তেমন কোনো সংবাদ পাইনি। খোঁজ নিয়ে দেখছি ঘটনা কী।”

ভুক্তভোগীর বরাত দিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা আকবর হোসেন নামের এক ব্যক্তি বলেন, ইটভাটায় রান্নার চাকরির কথা বলে রোববার দুপুরে ওই নারীকে খুলনা নগরীতে নিয়ে আসেন গৃহবধূর এক প্রতিবেশী।

“রাতে খুলনায় পৌঁছে ফাতেমাবাগ এলাকার এক বাড়িতে তাকে রাখা হয়। ভোর রাতে চারজন মিলে তাকে ধর্ষণ করে। সকালে গৃহবধূ ওই বাড়ি থেকে পালিয়ে রাস্তায় চলে আসেন।”

তখন স্থানীয় কয়েকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন।

আকবর আরও জানান, ওই গৃহবধূ তার এক প্রতিবেশীর নাম ছাড়া আর কারও নাম বলতে পারেননি।