২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে মিছিলের আগে জামায়াতের ছয়জন আটক, হাতবোমা উদ্ধার

হাতবোমা উদ্ধারের নামে নাটক সাজিয়েছে পুলিশ, বলছেন জামায়াত নেতা।

নরসিংদীতে মিছিলের আগে জামায়াতের ছয়জন আটক, হাতবোমা উদ্ধার

প্রতীকী ছবি

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 09:39 PM

Updated : 30 Jul 2023, 10:46 PM

নরসিংদীর শিবপুর উপজেলা থেকে মিছিল শুরুর প্রাক্কালে জামায়াতে ইসলামীর ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার বিকাল ৫টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের পুটিয়া ত্রিমোহনী এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান জেলা ডিবির ওসি খোকন চন্দ্র সরকার।

আটককৃতরা হলেন- জয়নাল আবেদীন (৬২), মো. আব্দুল মান্নান (৬৩), কাজী নুর মোহাম্মদ (৪৪), মো. জসীম উদ্দীন ভুইয়া (৫২), মো. ফেরদৌস আহমেদ (৪২) এবং মো. নাজির উদ্দিন ভুইয়া (৪৮)।

ওসি বলেন, “দেশকে অস্থিতিশীল করতে ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে জমায়েত হচ্ছিলেন নেতাকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের কাছে থেকে ১৫টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।”

তবে, নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমির মুসলেহ উদ্দিন বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করার চেষ্টা করছিলেন নেতাকর্মী। তখন তাদের আটক করে। হাতবোমা উদ্ধারের নামে নাটক সাজিয়েছে পুলিশ।”

গত শুক্রবার রাতে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকা থেকে নারীসহ জামায়াতের চার নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।