বাগেরহাটে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন
যৌতুকের টাকা না পেয়ে ইলিয়াছ ও তার পরিবারের সদস্যরা কমলার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে জানান এপিপি।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় যৌতুক না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মঈন উদ্দীন আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে জানান সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রণজিৎ কুমার মণ্ডল।
দণ্ডিত ইলিয়াছ হাওলাদার (৩২) উপজেলার বকুলতলা গ্রামের মতলেব হাওলাদারের ছেলে। ইলিয়াছকে যাবজ্জীবনের পাশাপাশি দশ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
মামলার বরাত দিয়ে রণজিৎ কুমার মণ্ডল বলেন, বকুলতলা গ্রামের ইলিয়াছ হাওলাদার ২০১৬ সালে বিয়ে করেন। তার শ্বশুরবাড়ি উপজেলার পূর্ব রাজাপুর গ্রামে। ইলিয়াছ ও তার স্ত্রী (২০) চট্টগ্রামে পোশাক কারখানার শ্রমিকের কাজ করতেন। তাদের একটি ছেলে রয়েছে।
২০১৭ সালে দুজন চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসেন। গ্রামে আসার পর থেকে তাদের সংসারে অশান্তি শুরু হয়। স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ মিলে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে ইলিয়াছের স্ত্রীর ওপর।
এপিপি রণজিৎ আরও বলেন, এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ৩ মার্চ সকালে ইলিয়াছ তার বাড়িতে বসে স্ত্রীর পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা চেয়ে না পেয়ে ওইদিন ইলিয়াছ ও তার পরিবারের সদস্যরা স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান।
পরে আশপাশের লোকজন তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ছয়দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এপিপি আরও বলেন, এই ঘটনার ৯ মার্চ নিহতের মামা শাহ আলম বাদী হয়ে ইলিয়াছ ও তার বাবা, মা ও ননদকে আসামি করে শরণখোলা থানায় একটি হত্যা মামলা করেন।
২০১৮ সালের ৩০ জুন থানার তৎকালীন এসআই মো. কবিরুল ইসলাম তদন্ত শেষে ইলিয়াছ ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগ প্রমাণিত হওয়ায় ইলিয়াছকে যাবজ্জীবন কারাদণ্ড এবং মামলার অন্য আসামিদের খালাস দেওয়া হয়।
