২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশা: সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চালু

তীব্র শীতে ভোগান্তিতে পড়েন ঘাটে আটকে পড়া যাবহানের চালক ও যাত্রীরা।

রাজবাড়ী প্রতিনিধি

মনেকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 10:43 AM

Updated : 29 Dec 2022, 10:47 AM

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সাড়ে সাত ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয় বলে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান।

তিনি বলেন, “ঘন কুয়াশার কারণে মাঝে মধ্যেই মাঝ রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকছে। বুধবার রাত দুইটা থেকে কুয়ার ঘনত্ব বেড়ে গেলে নদী পথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। দুর্ঘটনা এড়াতে এ সময় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।”

সকাল ৭টার দৌলতদিয়া ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, কুয়াশার মধ্যে শতাধিক যানবাহন আটকা পড়েছে; এর মধ্যে পণ‍্যবোঝাই ট্রাকের সংখ‍্যাই বেশি। তীব্র শীতে ঘাটে আটকে পড়া গাড়ির চালক ও যাত্রীদের কষ্ট পোহাতে হয়েছে।

সাতক্ষীরা থেকে আসা স‍্যামনগর এক্সপ্রেস পরিবহনের যাত্রী সামসুল আলম বলেন, “রাত পৌনে একটায় ঘাটে এসেছি। ফেরিতে উঠবো, এমন সময় কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তারপর থেকে ঘাটেই অপেক্ষায় আছি। শীতের মধ্যে সারারাত প্রচণ্ড কষ্ট হয়েছে।”

অনন‍্যা চৌধুরী নামের আরেক যাত্রী বলেন, “জরুরি কাজে ঢাকাতে যেতে হবে। ভোরে ভাইয়ার সঙ্গে বাইকে রওনা দিয়েছি। ঘাটে এসে দেখি ফেরি চলাচল বন্ধ। সকাল নয়টা বাজলেও কুয়াশা কাটে নাই ।”

পার্থ ক্লাসিক পরিবহনের চালক মো. শহীদুল ইসলাম বলেন, “সকাল আটটার সময় দৌলতদিয়া ঘাটে এসে জানতে পারি কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে।”

বেনাপোল থেকে আসা ট্রাক চালক কামরুল ইসলাম বলেন, “রাত দুইটা থেকে ফেরিতে বসে আছি। শীতের মধ্যে প্রচণ্ড কষ্ট হচ্ছে। সারা রাত ঘুমাতে পারি নাই।”

বিআইড‌ব্লিউ‌টি‌সি পাটুরিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, যাত্রী ও গাড়ির চাপ থাকায় ১৬টি ফেরি দিয়ে পারাপারে দেরি হচ্ছে।

পাটুরিয়া ঘাট এলাকার শরীফ হোটেলের মালিক শরীফ বলেন, বুধবার সন্ধ্যা থেকেই অনেক কুয়াশা; কিছু দেখা যায় না। কুয়াশার কারণে মধ্য রাত থেকে ফেরি বন্ধ ছিল। কিছুক্ষণ আগে আবার ছাড়ছে।