২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যথাসময়ে নির্বাচন না হলে শূন্যতার দায় কে নেবে: প্রশ্ন ইসি আলমগীরের

নির্বাচনে সেনাবাহিনী মাঠে থাকার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান ইসি আলমগীর।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2023, 08:27 PM

Updated : 26 Nov 2023, 08:27 PM

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, “২০২৪ সালের ২৯ জানুয়ারি সংসদের মেয়াদ ৫ বছর পূর্ণ হবে। যথাসময়ে নির্বাচন না হলে যে শূন্যতার সৃষ্টি হবে, এর দায় কে নেবে?”  

তিনি বলেন, “সংসদ নির্বাচন ৭ জানুয়ারিই অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই। এখানে নির্বাচন না করার কোনো সুযোগ নাই। কারণ নির্বাচন না হলে তখন সরকার কে থাকবে? এতে যে শূন্যতা সৃষ্টি হবে, এ শূন্যতার দায় কে নিবে? নির্বাচন কমিশন কি এ দায় নিতে পারে?”

রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গোপালগঞ্জ জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তবে বিএনপি নির্বাচনে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলে তাদের প্রস্তুতির কথা চিন্তা করে তফশিল পুনঃনির্ধারণের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

আরেক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য আমাদের যা যা করা দরকার সবই করব। আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য যারা আছেন এবং নির্বাচন পরিচালনার জন্য যারা থাকবেন তারা সবাই কাজ করবেন। আমাদের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য যত প্রকার প্রচেষ্টা নেওয়া দরকার আমরা সব নিয়েছি।”

নির্বাচনে সেনাবাহিনী মাঠে থাকার বিষয়ে তিনি বলেন, “এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। তবে, অতীতে যেহেতু সেনাবাহিনী নির্বাচনের মাঠে ছিল, এবারও থাকার সম্ভবনা রয়েছে।”

এর আগে দুপুরে নির্বাচন কমিশনার মো. আলমগীর টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেন।

পরে তিনি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গোপালগঞ্জ জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। 

সভায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলম সভাপতিত্ব করেন।