০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

“তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু একটা ঘটেছে বলে এইমাত্র খবর পেয়েছি,” বলেন ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 09:04 PM

Updated : 04 Oct 2026, 09:22 PM

কুষ্টিয়ায় লালন আখড়ায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, “রোববার সন্ধ্যায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ফকির লালন শাহের মাজারে এসেছিলেন বলে শুনেছি। তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু একটা ঘটেছে বলে এইমাত্র খবর পেয়েছি।”

এনসিপির মিডিয়া টিমের নেতা ইয়াসির আরাফাত বলেন, “সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গেলে গাড়িতে হামলার ঘটনা ঘটে।

“নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ইট নিক্ষেপ করার পর তার হাতে লেগেছে। তিনিসহ তিনজন আহত হয়েছেন।”

পুলিশ ও স্থানীয় এনসিপি নেতারা বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী মূলত লালন আখড়া দেখতে গিয়েছিলেন। আখড়াবাড়িতে প্রবেশের সময় হঠাৎ করেই কিছু লোক গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

একটি ভিডিওতে হামলার পর নেতকার্মীদের নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে দূরে সরিয়ে নিতে দেখা যায়।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, “সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। তবে ঠিক কী কারণে কে বা কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।”

তিনি বলেন, “বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এখনও এ বিষয়ে কেউ কোনো অভিযোগ নিয়ে থানায় আসেননি।”

এ বিষয়ে জানতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মোবাইলে ফোন করা হলেও তিনি ধরেননি।