চুয়াডাঙ্গায় নদীতে ডুবে ‘চোরাকারবারির’ মৃত্যু, শরীরে ১০ কেজি সোনা
“সীমন্তের ৮০ মেইন পিলারের কাছাকাছি নদীতে বাংলাদেশের অংশে একজন চোরাকারবারি ডুবে যায়।”
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী মাথাভাঙা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে বিজিবি। তার শরীরে ১০ কেজি সোনার বার বাঁধা অবস্থায় পাওয়া গেছে।
রোববার বিকালে মিরাজ হোসেন (২২) নামের এই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি দর্শনা উপজেলার নাস্তিপুর গ্রামের বাসিন্দা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, “গোপনে সোনা চোরাচালানের খবর পেয়ে বিজিবি দল নদীতে টহল দেওয়া শুরু করে। বিকাল ৪টার দিকে দুজন চোরাকারবারি নদী পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে।
“তখন সীমন্তের ৮০ মেইন পিলারের কাছাকাছি নদীতে বাংলাদেশের অংশে একজন চোরাকারবারি ডুবে যায়। অন্য একজন সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে যায়।
বিজিবি পরিচালক আরও বলেন, “পরে স্থানীয়দের সহায়তায় মিরাজের লাশ উদ্ধার করা হয়। তার শরীর থেকে ১০ কেজি ২৬৩ গ্রাম ওজনের ৬৮টি সোনার বার উদ্ধার করে বিজিবি।”
এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি কর্মকর্তা জানিয়েছেন।
