২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় নিখোঁজের ৬দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

সোমবার বিকালে শাহীন আলী শখের বসে তার দাদার ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়।

কুষ্টিয়ায় নিখোঁজের ৬দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2023, 04:43 PM

Updated : 17 Dec 2023, 04:43 PM

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিখোঁজের ছয়দিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শখের বশে চালানো অটোভ্যান ছিনতাই করতে তাকে হত্যা করা হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠের একটি বাগান থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয় বলে জানান দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম।

নিহত স্কুলছাত্র শাহীন আলী (১১) আদাবাড়িয়া গ্রামের সানের আলীর ছেলে এবং তেকালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

পরিবারের সদস্যদের বরাতে ওসি জানান, সোমবার বিকাল ৪টার দিকে শাহীন আলী শখের বসে তার দাদার ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়।

সন্ধ্যা হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি। পরে তার বাবা সানের আলী দৌলতপুর থানায় একটি জিডি করেন।

ওসি আরও জানান, রোববার সকালে স্থানীয় চাষীরা মাঠে কাজ করতে যাওয়ার সময় মেহগনি বাগানে ক্ষতবিক্ষত ও অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার এবং পরিবারের লোকজন শাহিনের বলে শনাক্ত করে।

পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া লাশ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি রফিকুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো ছিনতাইকারী চক্র ভ্যানসহ শাহিনকে অপহরণ করে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে লাশ ফেলে যায় এবং ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

যারাই এই হত্যাকাণ্ডে জড়িত থাক তাদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে বলেও জানান ওসি।