২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অবৈধ ৯টি করাতকল সিলগালা

ভোলাখালের চর দখল করে নির্মাণাধীন কয়েকটি স্থাপনার কাজ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কক্সবাজারে অবৈধ ৯টি করাতকল সিলগালা

কক্সবাজারের পেকুয়ায় নয়টি করাতকল বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2024, 10:09 PM

Updated : 01 Apr 2024, 10:09 PM

কক্সবাজারের পেকুয়া উপজেলায় অবৈধভাবে গড়ে উঠা নয়টি করাতকল বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবে করাতকল মালিক ও শ্রমিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

এ ছাড়া স্থানীয় ভোলাখালের চর দখল করে নির্মাণাধীন কয়েকটি স্থাপনার কাজ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার বিকালে উপজেলার পেকুয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রূম্পা ঘোষ। 

তিনি বলেন, উপজেলার আশপাশে গড়ে ওঠা এসব অবৈধ করাতকলে পার্শ্ববর্তী বনবিভাগের পাহাড়ের সামাজিক বনায়নসহ বাগানের কাঠ কেটে মজুদ করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল পাচারকারীরা। 

বনসম্পদ ও প্রকৃতি রক্ষায় উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নয়টি অবৈধ করাতকল সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানান সহকারী কমিশনার।  

বন্ধ করে দেওয়া এসব করাতকলের মালিকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

এ ছাড়া পেকুয়ার ভোলাখালের চর দখল করে গড়ে উঠা কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানান রূম্পা ঘোষ।