ডেঙ্গু: রাজবাড়ীতে গ্রাম থেকেও প্রচুর রোগী আসছে
আরিফুল বলেন, “সব পরীক্ষা বাইরে থেকে করাতে হয়েছে। হাসপাতাল থেকে কোনো ওষুধ, স্যালাইনও পাইনি।”
রাজবাড়ীতে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে শুধু শহরের নয়, গ্রাম থেকেও আসছে ডেঙ্গু রোগী। এতে আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ।
এর মধ্যেই জেলার সরকারি হাসপাতাল থেকে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ করছেন রোগী ও তাদের স্বজনরা। তারা বলছেন, হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড নেই। সাধারণ রোগীদের সঙ্গেই দেওয়া হচ্ছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা।
রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ২৪ ঘণ্টায় জেলায় ৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ১২ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ২০ রোগী ভর্তি হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রয়েছে ৪৭ জন। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মোট ৬১৯ জন। এর মধ্যে ৫৭২ জন সুস্থ হয়েছে।
সরজমিনে রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, সাধারণ রোগীদের মাঝেই ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। জায়গা না থাকায় অনেক রোগী মেঝেতে রয়েছে। অধিকাংশ রোগী মশারি ছাড়া।
সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কানাডা গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি রাজবাড়ী সরকারি কলেজে লেখাপড়া করেন। গ্রামের বাড়ি থেকেই যাতায়াত করেন। তিনদিন আগে জ্বর আসে। দুইদিন বাড়িতে থেকে স্থানীয় চিকিৎসকের পরামর্শে জ্বরের ওষুধ সেবন করেন। জ্বর না কমায় বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে এসে পরীক্ষা করে জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত।
আরিফুল বলেন, “সব পরীক্ষা বাইরে থেকে করাতে হয়েছে। হাসপাতাল থেকে কোনো ওষুধ, স্যালাইনও পাইনি।”
তিনি মশারি ছাড়াই শুয়ে ছিলেন। জানতে চাইলে বলেন, রাতে মশারি টানিয়ে শুয়েছিলেন। মশারি টানিয়ে রাখলে বাতাস লাগে না। তাই দিনে খুলে রেখেছেন।
একটু দূরে এক বিছানায় মশারি ছাড়া শুয়ে ছিলেন রাজবাড়ী পৌরসভার লক্ষ্মীকোল এলাকায় আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় জ্বর নিয়ে ভর্তি হয়েছি। ভর্তির পর ডাক্তাররা কয়েকটি টেস্ট করতে বলেছেন। সেগুলো বাইরের ক্লিনিক থেকে করিয়েছি। শুধু নাপা বড়ি ছাড়া সব ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকে। গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত কোনো ডাক্তার আমাকে দেখতে আসেননি; কোনো নার্সও না।”
মশারি টানানো নিয়ে প্রশ্ন করলে বলেন, “মশারি টানালে বাতাস লাগে না। তাই মশারি খুলে রাখছি।”
হাসপাতালের তিন তলাতে গিয়ে কথা হয় ফরিদা বেগমের সঙ্গে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার তিনদিন জ্বর, মাথাব্যাথা; কিছু খাতি পারি নে। তারপর হেনে আইছি। ডাক্তাররা কয়ছে, তোমার পরীক্ষা করা লাগবি। পরীক্ষা করার পর ধরা পড়লো ডেঙ্গু। এরপর আর একটি টেস দেছে সেইডে বাইরেতে করছি।
“টেস ডাক্তারের কাছে দিওয়ার পর কয়চে তোমার এখন ভর্তি হওয়া লাগবি। তারপর এই যে রইচি। ওষুধপত্র যা লাগতেছে সব বাইরেরতে কিনতেচি। হেনতে শুধু তিন বেলা তিনডে বড়ি দেয়। কোন বেড পাই নাই। মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছি।”
মশারির ব্যাপারে জানতে চাইলে ফরিদা বেগম বলেন, “মশারি টানানোর জাগা নাই। টানায়া বাদবো কনে। তাই মশারি ছাড়াই আছি।”
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানজিলা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেঙ্গু রোগীদের যেটা সবচেয়ে জরুরি সেটা হলো সেবা-যত্ন করা। রোগীর প্রচুর পরিমাণ তরল খাবার খাওয়াতে হবে, মশারির মধ্যে থাকতে হবে। সেই সঙ্গে নিয়মিত রক্তসহ অন্যান্য পরীক্ষা করা লাগবে।
তিনি আরও বলেন, রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা তারা দিয়ে যাচ্ছেন। ডেঙ্গু আক্রান্ত রোগীদের হাসপাতাল থেকে নিয়মিত ওষুধ, স্যালাইন ও পরীক্ষা করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ডেঙ্গু রোগীদের জন্য একটাই ট্রিটমেন্ট; সেটা হলো জ্বরের জন্য নাপা দেওয়া। অন্য কোনো ওষুধ দেওয়া হয় না বা প্রয়োজন হয় না। স্যালাইনও খুব বেশি দরকার হয় না। যদি কোনো রোগীর প্লাটিলেট ৫০ বা ৩০ হাজারের নিচে নেমে যায় তখন কিছু চিকিৎসার প্রয়োজন হয়। এজন্য নাপা ছাড়া অন্য কোনো ওষুধ পাচ্ছে না রোগীরা অভিযোগ করতেই পারে। কারণ রোগীরা মনে করে, তাদের অনেক ওষুধ দেওয়া হবে।”
তানজিলা খান আরও বলেন, “নার্সদের ব্যবহারের কথাটা বলবো কী; আমাদের রোগীর চাপ অনেক বেড়ে গেছে। এত বেশি চাপ যে, জনবল সংকটের কারণে একটা-দুইটা অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে। এটা আসলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে সবাইকে।”
জেলা সিভিল সার্জন ইব্রাহিম টিটোন বলেন, “আমাদের পরামর্শ হলো কারও যদি জ্বর আসে তাহলে তিনি যেন ডেঙ্গু পরীক্ষা করিয়ে নেয়। জেলার সরকারি হাসপাতালগুলোতে কম মূল্যে ডেঙ্গু পরীক্ষা করানো হয়।
“এ ছাড়া যদি কারও ডেঙ্গুর উপসর্গ থাকে তিনি যেন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন। সেই সঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে যেন বাড়ির চারপাশ পরিষ্কার থাকে। ফুলের টব বা কোনো পরিত্যক্ত পাত্রে দীর্ঘদিন পানি যেন না জমে থাকে। ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।”
