বরিশালে সাপের কামড়ে প্রাণ গেলো শিশুর
শিশুটির বাবা-মার ধারণা, ঘুমের মধ্যে ধানের গোলার নিচে রাফিয়ার পা ঢুকে গেলে সেখানে গর্তে থাকা বিষাক্ত সাপ তাকে কামড় দেয়।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সাপের কামড়ের পর এক শিশুকে ওঝার কাছে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে।
সোমবার গভীর রাতে উপজেলার চরামদ্দি ইউনিয়নের দিয়ারচর গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চরামদ্দি ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম।
নিহত ১১ বছরের রাফিয়া স্থানীয় পশ্চিম চরামদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। তার বাবা রহিম সিকদার একজন সবজি বিক্রেতা।
পরিবারের বরাতে ইউপি সদস্য আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে ঘরের মাটিতে বিছানা করে ঘুমিয়ে ছিলো রাফিয়া। তার বিছানার পাশে ধানের গোলা ছিলো।
রাত ১১টার দিকে শিশুটি জেগে উঠে তার শরীর জ্বালা করছে জানালে তার বাবা-মা পা থেকে রক্ত ঝরতে দেখেন।
তারা ধারণা করেন, ঘুমের মধ্যে গোলার নিচে রাফিয়ার পা ঢুকে গেলে সেখানে গর্তে থাকা বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। তারা শিশুটিকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যান।
এ বিষয়ে চরামদ্দি ইউপির চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন খোকন বলেন, রাফিয়ার বাবা-মা প্রথমে স্থানীয় ওঝা কালু মিয়ার কাছে গেলে তিনি শিশুটিকে ওঝা সেলিম ফকিরের কাছে নিতে বলেন। কিন্তু সেখানে নেওয়ার পর শিশুটি আগেই মারা গেছে বলে জানান সেলিম ওঝা।
মঙ্গলবার সকালে পারিবারিকভাবে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে বলে জানান চেয়ারম্যান।
বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ধরনের কোনো খবর কেউ তাকে দেয়নি।
