শার্শা সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ
বিজিবির উপস্থিতিতে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
যশোরের শার্শা উপজেলার সীমান্ত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার রঘুনাথপুর সীমান্ত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান।
মৃত ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
ওসি বলেন, রঘুনাথপুর সীমান্ত থেকে আনুমানিক ১৫ গজ ভেতরে মাঠের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে বিজিবির উপস্থিতিতে লাশটি উদ্ধার করে।
“নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার দুই পা বাঁধা অবস্থায় টেনে হিঁচড়ে এখানে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
