২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন: পাকিস্তানের পতাকা পুড়িয়ে ‘অগ্নিসেনা’

রাষ্ট্রদ্রোহ মামলায় ১৯৭০ সালের ২১ জুন পুলিশ তাকে গ্রেপ্তার করে; ছয় মাস পর ১৮ ডিসেম্বর কুষ্টিয়া কারাগার থেকে মুক্তি পান।

মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন: পাকিস্তানের পতাকা পুড়িয়ে ‘অগ্নিসেনা’

বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন

মানিক আকবর

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2022, 09:26 AM

Updated : 14 Dec 2022, 09:26 AM

চুয়াডাঙ্গার মঈনউদ্দিন মুক্তিযুদ্ধ শুরুর এক বছর আগে থানায় ঢুকে পাকিস্তানি পতাকা পুড়িয়ে কারাগারে গিয়েছিলেন; পরবর্তীতে মুক্তিযুদ্ধে অংশ নেন। 

পাকিস্তানি পতাকা পোড়ানোর কারণে স্থানীয়ভাবে তাকে ‘অগ্নিসেনা’ হিসেবে সংবর্ধনাও দেওয়া হয়। 

এলাকাবাসীর দাবি, তাকে রাষ্ট্রীয়ভাবে ‘অগ্নিসেনা’ হিসেবে সম্মাননা দেওয়া হোক।  

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে শুরু হলেও পাকিস্তানের বিরুদ্ধে মঈনউদ্দিনের যুদ্ধ শুরু হয় ১৯৭০ সালে। 

সেদিনের স্কুলছাত্র মঈনউদ্দিনসহ অনেকেই মুক্তিযুদ্ধপূর্ব ঘটনা ও মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথোপকথনে। 

১৯৭০ সালের মে মাসে চট্টগ্রামে শ্রমিক হত্যার প্রতিবাদে পূর্ব পাকিস্তানে শোক দিবস পালিত হচ্ছিল। কালো পতাকা উত্তোলন করা হয় বিভিন্ন স্থানে। সারাদেশে প্রতিবাদ শুরু হয়। পথে নামে ছাত্র-জনতাসহ নানা শ্রেণিপেশার মানুষ। 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বহুমুখী বিদ্যালয় থেকেও একটি প্রতিবাদ মিছিল বের হয়। সেটি ৪ মে থেকে ৬ মে এর মধ্যে কোনো একদিন। মঈনউদ্দিন তখন মেট্রিক [এসএসসি] পরীক্ষার্থী ছিলেন। বিক্ষোভ মিছিলের সঙ্গে স্কুলের বাইরে বের হন মঈনউদ্দিন। রাস্তায় তখন অনেক মানুষ। দোকান বন্ধ করে ব্যবসায়ীরা নেমে এসেছেন। 

মঈনউদ্দিন বলেন, তখন অনেকের হাতেই ছিল কালো পতাকা। তার হাতেও একটি কালো পতাকা ছিল। বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে কালো পতাকা তোলা হচ্ছিল। 

সেদিন মিছিলের সঙ্গে তিনিও আলমডাঙ্গা থানা চত্বরে ঢুকে পড়েন। সেখানে উড়ছিল পাকিস্তানি পতাকা। 

“আমি চেয়েছিলাম পাকিস্তানি পতাকা অর্ধনমিত করে তার পাশে কালো পতাকা তুলে দিতে। একজন পুলিশ আমাকে বাধা দেয়।

আমারও জেদ চেপে যায়। মাথা গরম হয়ে যায়। আমি পাকিস্তানি পতাকা নামিয়ে পুড়িয়ে ফেললাম।” 

এ জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। ২১ জুন রাত ২টায় পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ছয় মাস কারাগারে আটক থাকতে হয়েছিল। ১৮ ডিসেম্বর কুষ্টিয়া কারাগার থেকে মুক্তি পান তিনি। কিছুদিন পর মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে যোগ দেন। 

মুক্তিযুদ্ধ নিয়ে আছে অনেক ঘটনা; অনেক স্মৃতি রয়েছে এই বীর মুক্তিযোদ্ধার। ১৯৭১ সালের এপ্রিল মাসে ভারতের করিমপুর ক্যাম্পে গিয়েছিলেন। মুক্তিযোদ্ধা হিসেবে নাম লেখান। পরে বেতাই ও আসামে যুদ্ধের ট্রেনিং নেন। বারাকপুরেও ছিলেন। সেখানে তোফায়েল আহমেদ ও নূরে আলম জিকুর অধীনে থেকেছেন। 

“ভারতে মুক্তিযুদ্ধের ট্রেনিং শেষ করে দেশে আসি। কুষ্টিয়ার মিরপুরের মারফত আলীর নেতৃত্বে যুদ্ধে অংশ নিই। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকার যুদ্ধে অংশ নিয়েছি। গুপ্তচর হিসেবেও কাজ করেছি।” 

যুদ্ধের স্মৃতিচারণে তিনি বলেন, গরু চরানোর রাখাল সেজে হানাদার বাহিনীর অবস্থান জেনেছেন। গুপ্তচরবৃত্তি করতে গিয়ে পাকিস্তানি বাহিনীর হাতে ধরাও পড়েছেন। 

“তারা আমাকে রাখাল ভেবে চড় মেরে ছেড়ে দেয়। আমি হানাদার বাহিনীর ডেরা থেকে ফিরে আসি গোপন তথ্য নিয়ে, তাদের অবস্থান ও প্রস্তুতি জেনে। এসব তথ্য পরে যুদ্ধে কাজে লেগেছিল।” 

মঈনউদ্দিন বলেন, “যুদ্ধ শুরুর আগে আমি যে পাকিস্তানি পতাকা পুড়িয়েছিলাম তা যারা জানতেন তাদের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। দেশ স্বাধীন হলে আমাকে ‘অগ্নিসেনা’ হিসেবে সংবর্ধনাও দেওয়া হয়। আলমডাঙ্গা পৌরসভা ২০০৮ সালে আমাকে ‘অগ্নিসেনা’ হিসেবে সংবর্ধনা দেয়, স্বর্ণপদকও দেয়। এরপর দেশের বিভিন্ন জেলা থেকে আমি ‘অগ্নিসেনা’ হিসেবে সংবর্ধিত হয়েছি।” 

আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নোয়ার আলী বলেন, “যে মিছিলটি সেদিন আলমডাঙ্গা থানায় ঢুকেছিল সেদিন অনেকের সঙ্গে মঈনউদ্দিন আর আমিও ছিলাম। মঈনউদ্দিনেরই প্রথম চোখে পড়ে থানার মধ্যে পাকিস্তানি পতাকা উড়ছে। সে ছুটে গিয়ে পাকিস্তানি পতাকা নামিয়ে ফেলে। 

“অগ্নিসেনা হিসেবে মঈনউদ্দিন বিভিন্নভাবে সংবর্ধিত হয়েছে। কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। মঈনউদ্দিন আমার বন্ধু। আমিও চাই অগ্নিসেনা উপাধি দেওয়া হোক তাকে।” 

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, “যুদ্ধ শুরুর আগেই যুদ্ধ করেছেন মঈনউদ্দিন। তিনি পাকিস্তানি পতাকা পুড়িয়ে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হয়ে কারাগারে থেকেছেন। মুক্তিযুদ্ধেও তিনি নেতৃত্ব দিয়েছেন; দেশের জন্য অবদান রেখেছেন। তাকে তার যোগ্য সম্মান দেওয়া উচিত বলে আমি মনে করি।” 

বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দিনের বাবার নাম গঞ্জের আলী। বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামে। বাবার ছিল মুদি দোকানের ব্যবসা। ১৯৮৩ সালে বাবা মারা যান। সংসারের হাল ধরতে হয় তাকে। 

মঈনউদ্দিনের বয়স এখন ৭০ বছর। এক সময় ফার্নিচারের ব্যবসা ছিল; এখন তা বন্ধ হয়ে গেছে। এখন মুক্তিযোদ্ধা ভাতা নিয়ে চলে সংসার। অভাব আছে। কিন্তু তিনি আর্থিক সহায়তা চান না। তিনি চান মৃত্যুর আগে তাকে যেন রাষ্ট্রীয়ভাবে ‘অগ্নিসেনা’ উপাধি দেওয়া হয়।