গাজীপুরে পানির চৌবাচ্চায় শিশুর লাশ
হামিদুল মঙ্গলবার বিকালে খেলা করতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।
গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে নির্মাণাধীন একটি ভবনের পানির চৌবাচ্চা থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে লাশ উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে জানান কোনাবাড়ি থানার ওসি মো. আবু সিদ্দিক।
নিহত হামিদুল ইসলাম মুন্সিগঞ্জ সদরের দেওয়াকান্দী গ্রামের আবেদ আলীর ছেলে। পাঁচ বছর বয়সী শিশুটি বাবা মায়ের সঙ্গে জরুন এলাকায় সেলিম হাজির বাড়িতে ভাড়া থাকত।
ওসি আবু সিদ্দিক জানান, মঙ্গলবার বিকালে হামিদুল খেলা করতে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরে তার স্বজনরা আশেপাশে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার সকালে এলাকাবাসী স্থানীয় হাবিবের নির্মাণাধীন ভবনের চৌবাচ্চার পানিতে শিশুটির ভাসমান লাশ দেখতে পায়। খবর পেয়ে তার স্বজনরা লাশ উদ্ধার করে।
ওসি মো. আবু সিদ্দিক জানান, লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
