২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসানচর থেকে ‘পালানো’ ১৮ রোহিঙ্গা নোয়াখালীতে আটক

স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে থানায় হস্তান্তর করে।

ভাসানচর থেকে ‘পালানো’ ১৮ রোহিঙ্গা নোয়াখালীতে আটক

ফাইল ছবি

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 11:38 AM

Updated : 28 Aug 2022, 12:39 PM

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন থেকে ১৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেড়ি বাঁধ সংলগ্ন আলমগীরের দোকান এলাকা থেকে তাদের আটক করেন স্থানীয়রা। পরে রাত ১১টার দিকে তাদের থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন- ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের মো. তৈয়ব (৩৮), সামসিদা বেগম (৩২), শাহারা বেগম (২৭) আজিজা (১৮), জাহিদ হোসেন (২২) ও এবাদুল্লাহ (৩০)। (শিশুদের নাম প্রকাশ করা হলো না।)

স্থানীয় ফারুক হোসেন জানান, আলমগীরের দোকান এলাকায় কয়েকজন তরুণীকে শিশুসহ ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন।

পরে তাৎক্ষণিক তাদের চর এলাহী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে রাখা হয়। এরপর রাতে সেখান থেকে তাদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ওসি সাদেকুর বলেন, আটক রোহিঙ্গারা দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া উদ্দেশ্যে পালিয়ে আসেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।