১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেহেরপুরে প্রচারে সরকারি গাড়ি ব্যবহার, পৌর মেয়রকে শোকজ

১ জানুয়ারি মেয়রকে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মেহেরপুরে প্রচারে সরকারি গাড়ি ব্যবহার, পৌর মেয়রকে শোকজ

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2023, 11:56 PM

Updated : 30 Dec 2023, 11:56 PM

মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নানের পক্ষে নির্বাচনি প্রচারে সরকারি গাড়ি ব্যবহার করার অভিযোগে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

শনিবার মেহেরপুর-১ আসনের (সদর ও মুজিবনগর) নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ এইচ এম কবির হোসেন স্বাক্ষরিত চিঠিতে তাকে শোকজ করা হয়।

এ আসনের নৌকার প্রার্থী ফরহাদ হোসেনের পক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ শোকজ করা হয়েছে।

শোকজে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে সরকারি গাড়ি ব্যবহার ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে নিয়মিত প্রচারণা চালাচ্ছেন পৌর মেয়র মাহফুজুর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে একটি ভিডিও প্রচার হতে দেখা যায়। ভিডিওতে পৌর মেয়র নৌকার প্রার্থী ফরহাদ হোসেন ও তার সহধর্মিনী সৈয়দা মোনালিসা ইসলাম, ভাই শহীদ সরফরাজ হোসেন মৃদুল এবং ভগ্নিপতি মো. আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে উদ্দেশ্য করে অশালীন বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেনকে দুর্নীতিবাজ, উন্নয়নকাজে বাধাদানকারী হিসেবে উল্লেখ করেছেন মেয়র। সেইসঙ্গে প্রার্থী ও তার পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি প্রদান করেছেন; যা নির্বাচনি আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১ (ক) ও ১৪ (২) অনুযায়ী সুস্পষ্ট লঙ্ঘন বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে পৌর মেয়র মাহফুজুরকে আগামী ১ জানুয়ারি দুপুর ১২টায় অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।