২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ৫০ বোতল ফেনসিডিল বহনের দায়ে দুই যুবকের যাবজ্জীবন

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি ১০ বছর ধরে পলাতক বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2022, 08:18 PM

Updated : 13 Oct 2022, 08:37 PM

ফেনীতে ৫০ বোতল ফেনসিডিল বহনের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় দেন।

এদিন একই আদালত পৃথক একটি মামলায় ২০ বোতল ফেনসিডিল বহনের দায়ে আরেক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে বলে জানিয়েছেন আদালতে রাষ্ট্রপক্ষের সিনিয়র সহকারী কৌঁসুলি দ্বিজেন্দ্র কুমার কংশ বণিক।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. হানিফ (৩৫) কুমিল্লার চান্দিনা উপজেলার মোহাম্মদ আলীর ছেলে এবং মনির হোসেন (৩৬) বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার গজারিয়া এলাকার বাসিন্দা।

অপরদিকে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া (৩২) ফেনী সদর উপজেলার জেরকাছাড় গ্রামের বাসিন্দা। রায়ের সময় কোনো আসামিই আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার নথির বরাত দিয়ে আইনজীবী দ্বিজেন্দ্র কুমার জানান, ২০১২ সালের ২৪ নভেম্বর ফেনী সদরের ফতেহপুর এলাকার থেকে হানিফ ও মনিরকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ ঘটনায় ফেনী ডিবির তৎকালীন এসআই মো. সামশুজ্জামান বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত শেষে ফেনী ডিবির তৎকালীন পরিদর্শক (ওসি) সোলায়মান চৌধুরী দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন।

অপরদিকে, ২০১৪ সালের ১২ মার্চ ফেনী সদর উপজেলার জেরকাছাড় গ্রামের টিবি হাসপাতালের পাশে থেকে ২০ বোতল ফেনসিডিলসহ রুবেল মিয়াকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

এ ঘটনায় মামলার তদন্ত শেষে জেলা ডিবির তৎকালীন এসআই সামশুজ্জামান আদালতে অভিযোগপত্র দেন।  

দ্বিজেন্দ্র কুমার জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি ১০ বছর ধরে এবং ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি আট বছর ধরে পলাতক আছেন। আসামিরা আদালতে আত্মসমর্পণ বা গ্রেপ্তার হওয়ার পর থেকে সাজা কার্যকর হবে।

যাবজ্জীবনপ্রাপ্ত দুই আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী।