২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাওন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

জনদুর্ভোগের কথা চিন্তা করে মিছিলে বাধা দেওয়া হয়েছে বলে পুলিশের ভাষ্য।

শাওন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2022, 07:13 PM

Updated : 03 Sep 2022, 07:13 PM

নারায়ণগঞ্জ ‘যুবদল নেতা’ শাওনকে গুলি করে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ।

শনিবার সকালে টাঙ্গাইল জেলা বিএনপি এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

দলীয় নেতারা জানান, সকাল থেকে শহরের শান্তিকুঞ্জ মোরে জেলার বিভিন্ন এলাকা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হয়। ওই মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরে ঢোকার চেষ্টা করলে তাতে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফরহাদ ইকবাল।

এ সময় বিএনপি নেতা আতাউর রহমান জিন্নাহ, আবুল কাশেম, শহর বিএনপির আহ্বায়ক মেহেদী হাসান আলিম, শাহিন আকন্দ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আজগর আলী, যুগ্ম আহ্বায়ক হাদিউজ্জামান সোহেল, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ, শহর বিএনপির সদস্য সচিব ইজাজুল হক সবুজ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নিলুফার ইয়াসমিন খান, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছিলেন।

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফরহাদ ইকবাল বলেন, “আমাদের নেতাকর্মীরা শহরের ভিক্টোরিয়া রোডে দলীয় কার্যালয়ে একত্রিত হতে থাকলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে নেতাকর্মীরা শান্তিকুঞ্জ থেকে বেবি স্ট্যান্ড এলাকায় মিছিল নিয়ে যাওয়ার পথে পুলিশ মিছিলটি পণ্ড করে দেয়। পরে আমরা সেখানেই সমাবেশ করি।”

টাঙ্গাইল সদর থানার পরিদর্শক মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, “বিএনপি নেতাকর্মীদের আগে থেকেই বলা হয়েছিল, তারা যেন শহরের মেইন রাস্তায় মিটিং-মিছিল না করেন। জনদুর্ভোগের কথা চিন্তা করে তাদের মিছিলে বাধা দেওয়া হয়েছে।”