১৭ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

ত্রিপুরা জনগোষ্ঠীর ‘রিনাই-রিসা’ ও ঐতিহ্যবাহী অলংকারে দেবী দুর্গা

“আমাদের কৃষ্টি ও সংস্কৃতি দিন দিন হারিয়ে যাচ্ছে। তাই ঐতিহ্য ধরে রাখতেই আমাদের এ আয়োজন,” বলেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Oct 2026, 11:31 AM

Updated : 17 Oct 2026, 11:31 AM

দুর্গা দেবীর পরনে ‘রিনাই-রিসা’, গলায় তার রুপার চন্দ্রাহার ও পয়সা দিয়ে তৈরি ‘পুইসা মালা’, খোঁপায় পরেছেন সুরাম ও কালসি, কানে ঝুলছে ‘য়াংকুং’, হাতে ‘বাংগ্রী’ এবং পায়ে ‘বেংকি’।

পাহাড়ের ত্রিপুরা জনগোষ্ঠীর এমন ঐতিহ্যবাহী পোশাক ও অলংকারেই সেজেছেন খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর সার্বজনীন দুর্গামণ্ডপের প্রতিমা।

পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশকেও সাজানো হয়েছে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাকে। এছাড়া মণ্ডপের প্রবেশপথ ও মঞ্চ—সবখানেই আছে পাহাড়ের প্রকৃতি ও ত্রিপুরা সংস্কৃতির স্বকীয়তা।

প্রচলিত সাজসজ্জার পরিবর্তে এমন ব্যতিক্রমী আয়োজন ঘিরে দর্শনার্থী ও ভক্তদের মধ্যে দেখা দিয়েছে আগ্রহ। নান্দনিক এ আয়োজন মুগ্ধ করেছে তাদের।

নিজেদের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গত ১১ বছর ধরে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন খাগড়াপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চামেলী ত্রিপুরা ।

তিনি বলেন, “এবার দেবী দুর্গাকে আমাদের ত্রিপুরা রমণীদের সাজে সাজানো হয়েছে। আমাদের কৃষ্টি ও সংস্কৃতি দিন দিন হারিয়ে যাচ্ছে। তাই ঐতিহ্য ধরে রাখতেই আমাদের এ আয়োজন।”

স্থানীয় বাসিন্দা বিনোদন ত্রিপুরা ও জ্যাক ত্রিপুরা বলেন, “এবার দেবী দুর্গাকে আমাদের ঐতিহ্যবাহী রিনাই-রিসা পোশাক, চন্দ্রাহার ও বিভিন্ন অলংকারে দারুণ সুন্দর লাগছে। মণ্ডপের সাজসজ্জাও প্রকৃতির সঙ্গে মিলিয়ে করা হয়েছে, যা বেশ আকর্ষণীয়।”

এদিকে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে জেলায় জোরদার নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, এ বছর খাগড়াছড়ি জেলায় ৬৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য এবার আগের চেয়েও জোরদার নিরাপত্তাব্যবস্থা থাকবে।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।