২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় জলসিঁড়ি পাঠাগারের বই বিতরণ

‘জলসিঁড়ি’ পাঠাগার কেন্দুয়া উপজেলার ‘আশুজিয়া  জয়নাথ করোনেশন ইনস্টিটিউশনে’ বইগুলো বিতরণ করে।

নেত্রকোণায় জলসিঁড়ি পাঠাগারের বই বিতরণ

আশুজিয়া জয়নাথ করোনেশন ইনস্টিটিউশনের হলরুমে শুক্রবার পঞ্চাশ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2022, 11:34 PM

Updated : 16 Dec 2022, 11:34 PM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার একটি পাঠাগার জেলার একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেছে।    

শুক্রবার দুপুরে ‘জলসিঁড়ি’ পাঠাগার কেন্দুয়া উপজেলার ‘আশুজিয়া  জয়নাথ করোনেশন ইনস্টিটিউশনে’ বইগুলো বিতরণ করে। 

‘পাঠে পাঠে আত্মজাগরণ’ প্রত্যয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই পাঠাগার ভর্তুকি দিয়ে দশ টাকার বিনিময়ে একেকটি বই দিচ্ছে শিক্ষার্থীদের। 

এই কর্মসূচির অধীনে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীকে পঞ্চাশটি বই বিতরণ করা হবে বলে পাঠাগার কর্তৃপক্ষ জানায়। 

আশুজিয়া  জয়নাথ করোনেশন ইনস্টিটিউশনের হলরুমে শুক্রবার আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে পঞ্চাশ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি আবু তাহের, প্রধান শিক্ষক এজাহারুল ইসলাম, কবি সাজ্জাদ খান, শিক্ষক মোজাম্মেল হক ও জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকার। 

অনুষ্ঠানে বিদ্যালয়ের ৭ম শ্রেলির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মীম বলে, “বইটি পেয়ে দারুণ খুশি লাগছে। বিজয় দিবসের দিনে পেয়ে আরও বেশি খুশি লাগছে।” 

মীমের সহপাঠী সুমন চন্দ্র সরকার বলে, “এই প্রথম নিজের টাকায় বই কিনলাম। টিফিনের টাকায় বই নিলাম। মনে হচ্ছে, এভাবে টাকা দিয়ে অনেক বই কিনে পড়তে পারতাম!” 

নতুন মলাটের চকচকে বই দেখে দারুণ খুশি ষষ্ঠ শ্রেণির খাদিজা আক্তার। 

খাদিজা বলে, “মনে হচ্ছে বইটি কখন পড়ে শেষ করবাম। নিজের টাকায় বই কিনলাম। আনন্দই আলাদা। বইয়ের দাম তো অনেক বেশি। এত দাম দিয়ে বই কেনাও হতো না, পড়াও হতো না। জলসিঁড়ি পাঠাগারকে ধন্যবাদ। আমরার কৃতজ্ঞতা। মাত্র ১০ টাকায় তারা বইটি দিছে।” 

একই শ্রেণির মাসুমা আক্তার বলে, “পাঠাগারটি নিজেরা টাকা ভর্তুকি দিয়া আমরার পড়ার অভ্যাস গড়ে তুলতে বই দিছে। আমরা অবশ্যই বই পড়ব। সারাজীবন তাদের কথা মনে থাকবে।”  

দীপক সরকার বলেন, শিক্ষার্থীদের মাঝে ‘উন্নত জীবন’, ‘রোড টু সাকসেস’, ‘টাইম ম্যানেজমেন্ট’ নামের পঞ্চাশটি বই বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পাঠ্যাভ্যাস গড়ে তোলা, তাদের মনন বিকাশসহ সর্বোপরি নতুন প্রজন্মকে বইমুখী করতেই পাঠাগারের পক্ষ থেকে এই আয়োজন। 

ইতোমধ্যে ৭০০ বই বিতরণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিজয়ের মাসের মধ্যেই এক হাজার বই বিতরণ করার লক্ষ্য আছে। একেকটি বই ৭০ থেকে ৯০ টাকা বা এর চেয়েও বেশি দামের। 

“১০ টাকা নেওয়া হচ্ছে যাতে শিক্ষার্থীরা তাদের সম্মানিত বোধ করে। তারা যাতে মনে না করে যে এটা দানের বই।” 

দীপক জানান, যাদের বই দেওয়া হচ্ছে তারা বইটি পড়ে এক মাসের মধ্যে সেই বইয়ের একটি রিভিউ জমা দেবে। পরে সব রিভিউ থেকে সেরা ১০ জনকে পুরস্কৃত করা হবে বই পড়ুয়াদের উৎসাহিত করতে।