রাজশাহীর পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল কিশোরের
নিহতের স্বজনরা জানান, জুমার নামাজের জন্য সে গোসল করতে গিয়েছিল।
রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে এক কিশোর প্রাণ হারিয়েছে।
শুক্রবার দুপুরে নগরীর লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় নদীতে এ ঘটনা ঘটে বলে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান।
নিহত মোহাম্মদ সুহাঈল (১৮) রাজশাহী গণপূর্ত অধিদপ্তর ভবন মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে আব্দুর রউফ জানান, জুমার নামাজের জন্য বেলা পৌনে ১১টার দিকে সুহাঈল পদ্মা নদীতে গোসল করতে যায়। গোসলে নেমে স্রোতের তোড়ে সে তলিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সুহাঈলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালটির পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মুকুল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
“এ ঘটনায় রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।”
