২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমির বিরোধে হামলায় প্রাণ গেল বাবা-ছেলের

একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আবুল খায়ের ও ফরহাদ হোসেনের ওপর হামলা করে; ঘটনাস্থলে তারা মারা যান।

জমির বিরোধে হামলায় প্রাণ গেল বাবা-ছেলের

পিতা-পুত্রের প্রাণহানির খবর পেয়ে প্রতিবেশী-স্বজনরা আবুল খায়েরের বাড়িতে ছুটে আসেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2023, 07:51 PM

Updated : 01 Feb 2023, 07:51 PM

ময়মনসিংহে জমির বিরোধে হামলায় যুবক ছেলেসহ এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বুধবার দুপুরে সদর উপজেলার চুরখাইয়ের চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ওই এলাকার আবুল খায়ের (৫০) এবং তার ছেলে ফরহাদ হোসেন (২৫)।

আবুল খায়ের স্ত্রী সুজলা বেগম বলেন, দুপুরে তার স্বামী বিক্রি করা জমিতে মাপামাপির কাজ শুরু করলে বাধা দেন তার জেঠাতো ভাই কামাল হোসেন। এ নিয়ে বাগবিতন্ডার এক পর্যায়ে একদল লোক তাদের [আবুল খায়ের] পরিবারের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই আবুল খায়ের ও ফরহাদ হোসেন মারা যান।

আরও তিনজন আহত হয়েছেন তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। 

“আমার সব শেষ করে দিল,” বলে বারবার মুর্ছা যাচ্ছিলেন সুজলা বেগম। 

তিনি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। 

নিহত আবুল খায়েরের ভাগ্নে জাহিদ হাসান বলেন, দীর্ঘদিন ধরে কামালের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে আজকে বাবা ছেলে প্রাণ হারাল। কিছু বুঝে ওঠার আগেই দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালানো হয়।

স্থানীয় ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার সোহেল বলেন, “বাবা ছেলেকে হত্যার ঘটনায় সাথে সাথে পুলিশকে অবগত করি। পুলিশ অপরাধীদের ধরার জন্য কাজ শুরু করেছে। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তারে করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।” 

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দীর্ঘদিন ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধেই দুইজনকে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।” 

লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে তিনি জানান।