Published : 07 Mar 2024, 10:51 PM
মুন্সীগঞ্জ সদর উপজেলায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে; এতে চারজন শ্রমিক দগ্ধের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার চর মুক্তারপুরে খোদা হাফেজ সড়কের পাশে জে কে প্লাস্টিক ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে বলে জানান মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম।
আহতরা হলেন- ইকবাল (৩৫), মতিউর রহমান (৩৩), রাকিব (২৬) এবং অজ্ঞাত পরিচয় একজন। তাদের মধ্যে তিনজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত একজনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পাঠানো হয়েছে।
ওসি আমিনুল ইসলাম বলেন, রাত পৌনে ৯টার দিকে একতলা বিশিষ্ট টিন সেডের কারখানাটিতে আগুন লাগে। এতে চারজন শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নেয়।
আহতদের মধ্যে তিনজনকে সদর হাসপাতালে এবং একজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আশপাশে কোনো আবাসন না থাকায় আগুন বেশি দূর ছড়াতে পারেনি; তবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান ওসি।