শাবিতে সংঘর্ষ: ‘যুবলীগ নেতা’ দুলালের বিরুদ্ধে শিক্ষার্থীদের নানা অভিযোগ
জায়গা দখল করে যুবলীগের নামে অফিস খোলা, শিক্ষার্থীদের ওপর হামলায় নেতৃত্ব দেওয়া, নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা এবং চাঁদাবাজির মত অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনার পর যুবলীগ নেতা পরিচয়দানকারী এক ব্যক্তির বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আসছে।
জায়গা দখল করে যুবলীগের নামে অফিস খোলা, শিক্ষার্থীদের ওপর হামলায় নেতৃত্ব দেওয়া, নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা এবং চাঁদাবাজির মত অভিযোগ রয়েছে এর মধ্যে।
শিক্ষার্থীরা যার বিরুদ্ধে এসব অভিযোগ এনেছেন তার নাম দুলাল মিয়া। তিনি নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দেন।
তিনি এসব অভিযোগ অস্বীকার করলেও সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার মো. আজবাহার আলী শেখ বলেছেন, বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন।
গত শুক্রবার বিকালে একদল বহিরাগত যুবক মোটর সাইকেল নিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ফটক দিয়ে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা বাধা দেয়। এরপর সেখানে ওই বহিরাগতদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন সিলেট- সুনামগঞ্জ সড়কে ঘণ্টাখানেক ধরে চলা সংঘর্ষের মধ্যে কয়েকটি দোকান, যুবলীগের সাইনবোর্ড লাগানো একটি কার্যালয় এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়, তার মধ্যে সিটি নির্বাচনে নৌকার একটি প্রচারের গাড়িও আছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীদের অভিযোগ, দুলালের নেতৃত্বেই সেদিন শিক্ষার্থীদের ওপর হামলা হয়, তাতে অন্তত ১৫ জন আহত হন।
দুলাল নিজেকে যুবলীগ নেতা বলে পরিচয় দিলেও সংগঠনটির কোনো পদে নেই তিনি। সিলেট জেলা-মহানগর যুবলীগের গুরুত্বপূর্ণ নেতারা বলছেন, এই নামে যুবলীগে কোনো নেতা আছে বলে তাদের জানা নেই।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের উল্টোদিকে গড়ে উঠেছে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ কার্যালয়’ নামে এক কক্ষের একটি অফিস ঘর। সেখানেই দুলাল মিয়া বসেন। কার্যালয়ের সামনে থাকা একটি ব্যানারে তার পরিচয় হিসেবে যুবলীগ নেতা লেখা হয়েছে, তবে কোনো পদপদবীর উল্লেখ নেই।
এ ছাড়া তিনি নিজেকে সিলেট মহানগর বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সহসভাপতি এবং মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট সদর উপজেলার সাবেক সভাপতি বলেও দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের উত্তরে দুলাল দাবি করেন, সিলেট জালালাবাদ থানার আঞ্চলিক ব্লকের যুবলীগের সভাপতি তিনি। পাঁচ বছর আগে সদর উপজেলা যুবলীগের ‘প্রস্তাবিত সভাপতি’ও ছিলেন।
সংঘর্ষের ঘটনায় আহত হয়ে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে টেলিফোনে দাবি করেন তিনি।
অন্যদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান বলেন, “দুলালের নেতৃত্বেই সেদিন শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। যুবলীগের ওই কার্যালয় থেকে দুলালের সমর্থকরা দীর্ঘদিন ধরে ছাত্রীদের নানাভাবে উত্যক্ত করে আসছে।
“এমনকি তার যে কার্যালয়, সেটাও দখল করা। বিশ্ববিদ্যালয়ের সামনে তিনি অনেকদিন ধরেই বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। প্রধান ফটকে থাকা চটপটি-ফুচকার ভ্রাম্যমান ভ্যানসহ কয়েকটি দোকান থেকে তিনি নিয়মিত চাঁদা আদায় করেন।”
সেদিন সংঘর্ষের শুরুর দিকে ছাত্রলীগের কেউ ছিল না জানিয়ে খলিলুর বলেন, “আমরা নই, নৌকার প্রচারের গাড়ি ও যুবলীগের কার্যালয় দুলাল নিজেই ভাঙচুর করেছে।”
এসব অভিযোগ অস্বীকার করে দুলাল মিয়া বলেন, “আমি সংঘর্ষের পুরোপুরি কিছুই জানি না। আমি আসরের সময় কার্যালয়ে আসার পর শিক্ষার্থীরা অতর্কিত হামলা করে। মারধরের কারণে আমি আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।”
দোকান থেকে ‘চাঁদা’ নেওয়ার বিষয়টিও অস্বীকার করলেও টাকা যে নেন, তা স্বীকার করেছেন দুলাল। তার দাবি, যেসব দোকানদার তার কাছ থেকে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন, তাদের কাছ থেকে সেই ‘খরচের অর্থ’ নেওয়া হয়। কার্যালয়ের জায়গা দখল করা নয়, এর কাগজপত্র আছে বলেও দাবি তার।
উল্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা খলিলুরের নেতৃত্বে শিক্ষার্থীরা নৌকার প্রার্থীর প্রচারের গাড়ি ও যুবলীগের কার্যালয় ভাঙচুর করেছেন বলে দুলালের অভিযোগ।
দুলালের যুবলীগের পদের বিষয়ে জানতে সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ও মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, এই নামে কোনো নেতাকে তারা চেনেন না।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার মো. আজবাহার আলী শেখ বলেন, “দুলাল বা তার কার্যালয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের যে অভিযোগগুলো আছে, সেগুলো আমরা খতিয়ে দেখব। সংঘর্ষের ঘটনাসহ যুবলীগের ওই কার্যালয়ে কী ধরনের কর্মকাণ্ড হয়, এর সঙ্গে কারা জড়িত সবকিছু অনুসন্ধান সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সংঘর্ষের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ।
শুক্রবারের ঘটনার পর এখন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত বলে জানিয়েছেন প্রক্টর কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, “বিষয়টি মীমাংসার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।”
সংঘর্ষে আহত শিক্ষক-শিক্ষার্থীসহ ১৪ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন জানিয়ে প্রক্টর বলেন, এখনো দুইজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আরও কয়েকজন বাইরে থেকে চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষের পর রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন সিরাজ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে এবং স্থানীয় যারা সংঘর্ষে জড়িত ছিল তাদের সঙ্গে কথা বলে মীমাংসের জন্য আহ্বান জানিয়েছি। সংঘর্ষটি মূলত শিক্ষার্থীদের সঙ্গে এলাকার একদল লোকের হয়েছে, এলাকার সব লোকের নয়। ২১ জুন সিটি করপোরেশন নির্বাচনের পর বিষয়টি মীমাংসার জন্য বসা হবে।”
