এরশাদের ভাতিজার জনসংযোগে হামলা, অভিযোগের তীর রাঙ্গাঁর দিকে
এ নিয়ে গঙ্গাচড়ায় জাতীয় পার্টির দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা, রংপুর ১ আসনে সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফের জনসংযোগে হামলার অভিযোগ পাওয়া গেছে।
এজন্য ওই আসনের বর্তমান সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আসিফ।
শুক্রবার বিকালে গঙ্গাচড়ার ভুটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ‘হামলার ঘটনা’ ঘটে অভিযোগ করে আসিফ বলেন, এতে তার পাঁচ নেতাকর্মী আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে দুটি গাড়ি।
এ নিয়ে গঙ্গাচড়ায় জাতীয় পার্টির দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাচড়া বাজার এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
রংপুর ১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গাঁ জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত। ওই আসনে এবার হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এরই অংশ হিসেবে শুক্রবার গঙ্গাচড়া বাজার হয়ে কোলকোন্দ, বড়বিল ও আলমবিদিতর ইউনিয়নে গণসংযোগে বের হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আসিফের জনসংযোগের খবরে সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ নেতাকর্মীরা গঙ্গাচড়া বাজারে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ গঙ্গাচড়া বাজারে অবস্থান নেয় এবং আসিফের গাড়িবহরকে বাজারে ঢুকতে না দিয়ে গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে থেকে বড়বিল ইউনিয়ন ও আলমবিদিতর ইউনিয়নের দিকে যেতে বলে।
আসিফ তার গাড়িবহরে থাকা নেতাকর্মীদের নিয়ে গঙ্গাচড়া সরকারি কলেজ হয়ে সদর ভুটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জনসংযোগ করার পর বড়বিল মন্থনার দিকে যাচ্ছিলেন। এ সময় একদল লোক ইটপাটকেল নিক্ষেপ ও আসিফের ওপর হামলা চালায়।
শাহরিয়ার আসিফের ভাষ্যে, “স্থানীয় সংসদ সদস্য রাঙ্গা সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার জনসংযোগে হামলা চালিয়েছে। এতে আমার পাঁচ নেতাকর্মী আহতসহ দুটি গাড়ির কাঁচ ভেঙে ফেলা হয়েছে। অপ্রীতিকর ঘটনা ঘটার কথা বলে আমাকে গঙ্গাচড়া বাজারে পুলিশ গণসংযোগ করতে দেয়নি। রাঙ্গা পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করছে।”
এ ব্যাপারে মসিউর রহমান রাঙ্গাঁ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি গঙ্গাচড়া আসনে তিনবারের সংসদ সদস্য; একবার প্রতিমন্ত্রী ছিলাম। গতবার আড়াই লাখ ভোট পেয়েছি, গঙ্গাচড়ার সবাই আমার লোক। এছাড়া আমি জাতীয় পার্টির মহাসচিব ছিলাম। আসিফ আমার সমপর্যায়ের নেতা না।”
আসিফের লোকজনের সঙ্গে এলাকাবাসীর হাতাহাতি হয়েছে দাবি করে রাঙ্গাঁ বলেন, “তারা পালিয়ে যাচ্ছিল, পেছন থেকে নাকি উত্তেজিত এলাকাবাসী ঢিল ছুড়েছে। সে অহেতুক এ ঘটনার সঙ্গে আমাকে জড়িয়ে কথা বলছে। যদি তার ওপর হামলা হয়ে থাকে তবে পুলিশ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। এ ঘটনার সঙ্গে আমি কিংবা আমার লোকজনের কোনো সম্পর্ক নেই।”
আসিফের অভিযোগ প্রসঙ্গে গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বলেন, “পুলিশ গঙ্গাচড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা কাজ করে যাচ্ছে। হোসেন মকবুল শাহরিয়ার আসিফকে প্রতিহত করার জন্য শতাধিক নারী ঝাড়ু নিয়ে দাঁড়িয়েছিল। পুলিশ একাধিকবার তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এমন পরিস্থিতিতে তারা গঙ্গাচড়া বাজারে এলে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হতো। তাই গঙ্গাচড়া সহকারী কমিশনার (ভূমি) ও সার্কেল এএসপি স্যারের উপস্থিতিতে আমরা তাদের অন্য পথ দিয়ে গিয়ে গণসংযোগ করতে বলেছিলাম।”
