ঈদের বাজার করতে বেরিয়ে নদীতে ডুবে মৃত্যু
তিনি সাঁতরে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের শাখা খাল পার হওয়ার সময় ডুবে যান।
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় সাঁতরে ব্রহ্মপুত্র নদের শাখা নদী পার হতে গিয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের চর শাখাহাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চার ঘণ্টা পর স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
নিহত নূর ইসলাম (৫৫) চিলমারী ইউনিয়নের চর শাখাহাতী গ্রামের মৃত মোহর মিস্ত্রীর ছেলে। তিনি পেশায় বর্গাচাষি ছিলেন।
পরিবারের বরাত দিয়ে চিলমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম বলেন, নূর ইসলাম সকালে ঈদের বাজার করতে রমনা ইউনিয়নের জোড়গাছ বাজারে যাচ্ছিলেন। পথের মধ্যে খালটি সাঁতরে পার হয়ে তিনি চর শাখাহাতী খেয়া ঘাটে যেতে চেয়েছিলেন। তখনি ডুবে যান।
নূর ইসলামের সঙ্গে আরও একজন ছিলেন। তিনি খালের পাড় থেকে বিষয়টি দেখে চিৎকার করে লোকজনকে ডাকেন। স্থানীয়রা চার ঘণ্টা খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চিলমারী স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খবিরুল ইসলাম বলেন, ঘটনাটি তাদের কেউ জানায়নি। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন।
