তাড়াশে ওঁরাও প্রতিবন্ধিকে ধর্ষণ: তরুণ গ্রেপ্তার
ঘটনার ১৪ দিন পর ভুক্তভোগীর ছোট ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
সিরাজগঞ্জের তাড়াশে ওঁরাও নৃগোষ্ঠীর শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধি এক নারীকে ধর্ষণের মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ক্ষীরপোতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা তাড়াশ থানার এসআই দেববৃত কুমার জানান।
গ্রেপ্তার সঞ্জিত কুমার ওরাও (২২) ওই মামলার একমাত্র আসামি।
এসআই দেববৃত জানান, ২৩ অক্টোবর রাতে ওই নারী (৩৩) বাইরে বাথরুমে যাওয়ার জন্য বের হলে আসামি তাকে ধরে নিয়ে ধর্ষণ করেন। টের পেয়ে লোকজন তাকে ধরতে গেলে তিনি পালিয়ে যান।
এ ঘটনার ১৪ দিন পর ভুক্তভোগীর ছোট ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
তখন মামলার বাদী সাংবাদিকদের বলেছিলেন, তিনি গরিব মানুষ। তার মা প্রতিবন্ধী। ঘটনার পর মামলা করতে চাইলেও স্থানীয় ইউপি সদস্য তাকে বাধা দেন। সালিসে বিষয়টি মীমাংসার জন্য কয়েক দফায় বৈঠকও হয়েছে। এ কারণে মামলা করতে দেরি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য বলেন, “আসামি আমার আপন ভাতিজা এবং ভুক্তভোগী নারী সম্পর্কে প্রতিবেশি ভাতিজি। নিজেদের মধ্যে হওয়ায় সালিসে সমাধান করতে চেয়েছিলাম। কিন্তু নারীপক্ষের অসহযোগিতার কারণে সম্ভব হয়নি।”
পুরানো খবর
