২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে পলিটেকনিক মাঠে সমাবেশের প্রস্তুতি বিএনপির, জানে না প্রশাসন

জেলা প্রশাসন বলছে, পলিটেকনিক ছাত্রবাস মাঠে বিএনপির সমাবেশের কথা তারা জানে না।

ময়মনসিংহে পলিটেকনিক মাঠে সমাবেশের প্রস্তুতি বিএনপির, জানে না প্রশাসন

শুক্রবার বিকালে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রবাস মাঠ পরিদর্শন করেন বিএনপি নেতারা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2022, 08:30 PM

Updated : 14 Oct 2022, 08:30 PM

ময়মনসিংহে সার্কিট হাউজ মাঠের অনুমতি না পেয়ে বিএনপি ‘স্বেচ্ছায়’ পলিটেকনিক ছাত্রবাস মাঠে বিভাগীয় গণসমাবেশের মঞ্চ তৈরির প্রস্তুতি নিচ্ছে; এটা না জানার কথা বলছে জেলা প্রশাসন।  

সারাদেশে বিভাগীয় সমাবেশের ধারাবাহিকতায় বিএনপি শনিবার দুপুরে ময়মনসিংহ বিভাগে সমাবেশের ডাক দিয়েছে। এ জন্য গত ৬ অক্টোবর জেলা প্রশাসকের কাছে সার্কিট হাউজ মাঠের অনুমতি চেয়ে চিঠি দেয় বিএনপি। 

কিন্তু প্রশাসন তাতে অনুমতি দেয়নি বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী। 

তিনি বলেন, “বিএনপির সমাবেশের জন্য সার্কিট হাউজ মাঠের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু জেলা প্রশাসক সার্কিট হাউজ মাঠে সমাবেশের অনুমতি দেননি। পরে তারা কী করছেন সেটা আমাদের জানা নেই। পুলিশ প্রশাসন সেটা বলতে পারবে।” 

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঁইয়া সাংবাদিকদের বলেন, “বিএনপি স্বেচ্ছায় পলিটেকনিক মাঠে সমাবেশের মঞ্চ তৈরি করছে। তারা সেখানে শান্তিপূর্ণ সমাবেশ করলে আমাদের কিছু বলার নেই। কিন্তু শান্তি-শৃঙ্খলায় বিঘ্ন ঘটালে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।” 

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রবাস মাঠ যে থানার অধীন সেই কোতোয়ালী থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, “বিএনপির নেতাকর্মীরা কোথায় সমাবেশ করবেন সেটা তাদের বিষয়। তবে আমি শুনেছি, তারা পলিটেকনিক ছাত্রবাস মাঠে সমাবেশ করবেন। এর বেশি কিছু আমি জানি না।” 

তবে শুক্রবার দুপুরে বিএনপির ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ‘প্রশাসনের অনুমতি পাওয়ার’ দাবি করেন এবং পলিটেকনিক মাঠে সমাবেশের মঞ্চ তৈরির কথা জানান।  

তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সাম্প্রতিক আন্দোলনে পাঁচ নেতাকে হত‍্যা, নিত‍্যপ্রয়োজনীয় দ্রব‍্যমূল‍্যের ঊর্ধ্বগতি, গুম খুন ও সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ শনিবার দুপুর ২টায় শুরু হবে। 

সমাবেশে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর, শেরপুর জেলা ছাড়াও ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা বিএনপিও গণসমাবেশে যোগ দেবেন বলে জানান নেতারা। 

সন্ধ্যায় পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রবাস মাঠ পরিদর্শন করে মঞ্চ নির্মাণের প্রস্তুতি নেন বিএনপির বিভাগীয় নেতারা। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ও হুইপ মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, ময়মনসিংহ মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান খান, শামীম আজাদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন আহেমেদ বাচ্চু, আখতারুজ্জামান বাচ্চু।