গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
সাজার পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা করেছেন বিচারক।
গোপালগঞ্জে মনোয়ারা বেগম নামের এক নারী হত্যা মামলার আসামি কামরুল শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দীন ১৭ বছর আগের এ মামলার রায় দেন। সাজার পাশাপাশি তিনি আসামিকে এক লাখ টাকা জরিমানাও করেছেন।
দণ্ডিত কামরুল শেখ (৬০) মুকসুদপুর উপজেলার বামনবড়ুয়া গ্রামের মো. তৈয়ব শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
তারা হলেন-একই গ্রামের আনার উদ্দিন শেখের ছেলে মো. তৈয়ব শেখ, তার স্ত্রী হেমেলা বেগম ও মেয়ে তাহমিনা আক্তার সীমা।
মামলার বিবরণে বলা হয়-২০০৫ সালের ১২ অগাস্ট পরিবারিক কলহের জেরে কামরুল ও তার লোকজন মনোয়ারা বেগমকে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মেয়ে জোসনা আক্তার বাদী হয়ে মুকসুদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে মুকসুদপুর থানার এসআই মোবারক হোসেন ২০১২ সালের ২৫ অগাস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।
