সাভারে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
বাসটি ২৬ দিন ধরে সড়কের পাশে পার্কিং করে রাখা ছিল বলে ভাষ্য পুলিশের।
ঢাকার সাভার উপজেলায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোমবার ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার রেডিও কলোনি এলাকায় এ ঘটনায় ঘটে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।
তিনি বলে, বাসটি ২৬ দিন ধরে সড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। বাসটির ইঞ্জিন-চেসিস কিছুই ছিল না, শুধু বডিটা ছিল। বাসটির ভেতর মাদকসেবীরা আড্ডা দিত।
“তবে কীভাবে আগুন লেগেছে, তা আমরা এখনো নিশ্চিত নই। সিসিটিভি ভিডিও সংগ্রহের চেষ্টা চলছে”, বলেন ওসি সাইফুল।
পথচারীরা জানান, একদল লোক বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং আশপাশে আতঙ্ক ছড়ায়।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, রাত আনুমানিক ৩টার দিকে বাসে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। আগুনে বাসটির ভেতরের অংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
তবে বাসটি খালি থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
