খুলনায় স্ত্রীর যৌতুকের মামলায় এসআই কারাগারে
ওই এসআই বর্তমানে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত।
খুলনায় স্ত্রীর করা যৌতুক ও হত্যাচেষ্টা মামলায় পুলিশের এক এসআইকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আবদুস ছালাম খান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এসআই সোবহান মোল্লা বর্তমানে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত।
বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, ওই পুলিশ কর্মকর্তা আগের বিয়ের তথ্য গোপন রেখে ২০২০ সালের ১২ মে দ্বিতীয় বিয়ে করেন। তখন তিনি সোনাডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।
বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে দ্বিতীয় স্ত্রীকে নির্যাতন ও একাধিকবার মারপিট করে হাসপাতালে পাঠান।
এসব কারণে ২০২১ সালে ১৫ ডিসেম্বর দ্বিতীয় স্ত্রী এসআই সোবহান মোল্লার বিরুদ্ধে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
আইনজীবী আরও জানান, গত ৬ অগাস্ট মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক লুৎফর রহমান আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।
১৩ সেপ্টেম্বর এসআই সোবহানের বিরুদ্ধে ট্রাইব্যুনালের বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এরপর আসামি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন।
গত বুধবার আদালতে তার হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু সেদিন তিনি হাজির হননি।
পরে বৃহস্পতিবার হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
