কক্সবাজারে ‘ডাকাতি করতে’ গিয়ে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড
২০০০ সালের ১৫ জুন রাতে জামাতার নেতৃত্ব একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে সৌদি প্রবাসী মোহাম্মদ হোসেনকে গুলি করে ও লুটপাট চালায়।
কক্সবাজার শহরে ২৩ বছর আগে ‘ডাকাতি করতে গিয়ে’ প্রবাসীকে হত্যার দায়ে জামাতাসহ আটজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
এ ছাড়া একজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং নয়জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোশারফ হোসেনের আদালত এ রায় দেন বলে জানান আদালতটির সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) শওকত বেলাল।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কক্সবাজার শহরের ৭ নম্বর ওয়ার্ডের টেকনাফ্যা পাহাড় এলাকার মো. হাছানের ছেলে মঞ্জুর হোসেন, মৃত মো. কাছিম ওরফে বলীজুরীর ছেলের মো. আলম ও আমির হোসেনের ছেলে আকতার কামাল, পাহাড়তলী এলাকার মো. সৈয়দের ছেলে শহর মুলুক ওরফে কালু ও আব্দুর শুক্কুরের ছেলে মো. মোস্তাক, দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার এখালাস মিয়ার ছেলে আনোয়ার হোসেন ওরফে কালুইন্যা, সাহিত্যিকা পল্লী এলাকার গুরা মিয়ার ছেলে শাহাব উদ্দিন এবং শহরের উত্তর রুমালিয়ারছড়া এলাকায় বসবাসকারি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ এলাকার খোরশেদ আলমের ছেলে জসিম উদ্দিন।
এ ছাড়া ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা এখালাস মিয়া।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিদের পাশাপাশি খালাস পাওয়াদের মধ্যে পাঁচ জন আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার নথির বরাতে এপিপি শওকত বলেন, কক্সবাজার শহরের বাঁচামিয়ার ঘোনার বাসিন্দা মোহাম্মদ হোসেন সৌদি আরব প্রবাসী ছিলেন। ২০০০ সালের ১৩ জুন তিনি দেশে আসেন।
এর দু’দিন পর ১৫ জুন রাতে তার জামাতা মঞ্জুর হোসেনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে লুটপাট চালায়। এতে বাধা দিলে দুর্বৃত্তরা মোহাম্মদ হোসেনকে মাথার পিছনে গুলি করে মৃত্যু নিশ্চিত করে।
এ ঘটনায় ১৭ জুন নিহতের স্ত্রী ছবুরা খাতুন বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন।
এর প্রায় পাঁচ বছর পর ২০০৫ সালের ২৩ মে মামলার তদন্তকারি কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দেন। পরে ২০০৬ সালের ২৫ এপ্রিল আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার কাজ শুরু করে।
রাষ্ট্রপক্ষের এ আইনজীবী আরও বলেন, বৃহস্পতিবার মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। বিচারে ডাকাতিসহ হত্যার ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আট জনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা জরিমানার আদেশ এবং অনাদায়ে মৃত্যুদণ্ড কার্যকরের আগে দুই বছর করে সাজার রায় দেন।
অপর এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানার রায় দেন বিচারক।
এ ছাড়া বিচারে নির্দোষ প্রমাণিত হওয়ায় মামলার ৯ আসামিকে আদালত বেকসুর খালাস দিয়েছে বলে জানান এপিপি শওকত বেলাল।
