২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে মাদক মামলায় বাবা-মা ও ছেলে দণ্ডিত

মোতালেব মাতুব্বরকে তিন বছর এবং তার স্ত্রী ও ছেলেকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 07:26 PM

Updated : 29 Aug 2022, 07:26 PM

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার এক মাদক মামলায় বাবা-মা ও ছেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নূরুল ইসলাম এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জহুরুল ইসলাম জানান।

দণ্ডপ্রাপ্ত মোতালেব মাতুব্বর (৫৯), তার স্ত্রী খাদিজা বেগম (৫৪) ও ছেলে আমিনুল মাতুব্বর (২৯) ভাণ্ডারিয়া উপজেলার উত্তর বোথলা গ্রামের বাসিন্দা।

আদেশে মোতালেব মাতুব্বরকে তিন বছর এবং খাদিজা বেগম ও ছেলে আমিনুল মাতুব্বরকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

একইসঙ্গে প্রত্যেককে দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়; যা অনাদায়ে তাদের আরও তিন মাস করে কারাবাসে থাকতে হবে।

রায় ঘোষণার সময় মা-ছেলে আদালতে উপস্থিত থাকলেও মোতালেব মাতুব্বর পলাতক আছেন।

আইনজীবী জহুরুল ইসলাম জানান, ২০১৮ সালের ৯ অগাস্ট উপজেলার পশ্চিম পশারীবুনিয়া কমিউনিটি ক্লিনিকের সামনে মাদক বেচাকেনার সময় খাদিজা বেগম ও তার ছেলে আমিনুল মাতুব্বরকে আটক করে ডিবি পুলিশ। এ সময় মোতালেব মাতুব্বর পালিয়ে যান।

“পরে তল্লাশি করে খাদিজা বেগম ও তার ছেলের কাছে ১০৪টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ওই দিন পুলিশ বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা করে।”

জহুরুল ইসলাম আরও জানান, ভাণ্ডারিয়া থানার এসআই জলিল হাওলাদার ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর আসামিদের নামে আদালতে অভিযোগপত্র দেন।