`ক্যারি অন’ বহালের দাবিতে ময়মনসিংহ মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ
এতে এমবিবিএস ৫৯ ও বিএডিসি ১১ ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।
‘ক্যারি অন’ বহাল রেখে সিজিপিএ বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নেমেছে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১০টা থেকে ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শুরু করেন শিক্ষার্থীরা। এতে এমবিবিএস ৫৯ ও বিএডিসি ১১ ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় তারা ‘ক্যারি অন বহাল চাই, সিজিপিএ বাতিল চাই’ স্লোগান দিয়ে দুপুর পর্যন্ত বিক্ষোভ করে প্রথম দিনের মতো কর্মসূচি পালন করেন।
সম্প্রতি ২০২১-২০২২ সেশনে নতুন কারিকুলামে ক্যারি অন পদ্ধতি বাতিল করে সিজিপিএ পদ্ধতি চালু করে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপরেই শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ গড়া নিয়ে শঙ্কার বিষয়টি সামনে তুলে ধরে আন্দোলনে নামেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী মেহেরাব হোসেন মিয়াদ জানান, ২০২১-২০২২ সেশনে হঠাৎ করে বিএমডি ক্যারি অন বাতিল করে সিজিপিএ চালু করেছে। সিজিপিএ চালু থাকলে মেডিকেল শিক্ষার্থীদের রেজাল্ট বিভিন্ন ভাগে ভাগ করা হবে, যার ফলে শিক্ষার্থীদের মাঝে একটা বৈষম্য এবং রেজাল্ট ভালো করার জন্য একটি অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হবে।
এতে বাস্তবিক জ্ঞান কখোনই অর্জন সম্ভব না। মেডিকেলের বাস্তব শিক্ষা থেকে শিক্ষার্থীরা দূরে সরে যাবে তাই সিজিপিএ বাতিল করতে হবে।” বলেন তিনি।
শিক্ষার্থী আরাফাত ইসলাম টুটুল বলেন, “মেডিকেল শিক্ষার্থীরা সাধারণত একটু বেশি চাপে থাকে, এখন যদি সিজিপিএ চালু করা হয় তাহলে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। সবাই রেজাল্ট ভালো করার জন্য অসুস্থ প্রতিযোগীতায় নামবে। এতে শিক্ষার্থী হয়রানীর পাশাপাশি অভিভাবকরাও চাপে থাকবে।
“নতুন কারিকুলামে কেউ এক সাবজেক্টে ফেল করলে তাকে ছয় মাস পর ওই সাবজেক্টে পরীক্ষা দিয়ে পাশ করে পরবর্তী ধাপে যেতে হবে। এতে বিড়ম্বনা ছাড়া আর কিছুই হবে না।”
শিক্ষার্থী আফসারা বিনতে আরিয়ানা জানান, আগেও সিজিপিএ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল পরে আন্দোলনের মুখে তা বাতিল করা হয়। এ পদ্ধতি যতক্ষণ না পর্যন্ত বাতিল করা হবে আন্দোলন চালবে।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আফতাব উদ্দিন আহমেদ বলেন, “নতুন কারিকুলামে শিক্ষার্থীরা একটু বিপাকেই পড়বে। তবে মন্ত্রণালয় থেকে যে সিন্ধান্ত নেওয়া হয়েছে, সেটির বিরোধিতা আমি করতে পারি না। আমার কাজ সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করা। শিক্ষার্থীরা আন্দোলনে যাওয়ায় তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সিদ্ধান্তের পরিবর্তন আসলে আমরা তা বাস্তবায়নে তা চেষ্টা করব।”
