বরিশালে গৃহবধূকে ধর্ষণ মামলায় এসআই গ্রেপ্তার
এসআই বাশার ওই গৃহবধূকে একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
বরিশালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে করা মামলায় পুলিশের এক এসআইকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার মামলার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানান।
গ্রেপ্তার আবুল বাশার (৪৭) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর এলাকার বাসিন্দা ও নগরীর কোতোয়ালি মডেল থানার স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ ছিলেন।
ওসি আজিমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়।
পরে আসামিকে কারাগারে পাঠানো হয় বলে আদালত পুলিশের পরিদর্শক শিশির কুমার পাল জানান।
মামলার নথির বরাতে ওসি আজিমুল বলেন, একটি মামলার বিষয়ে গত ৫ অক্টোবর ওই গৃহবধূ থানায় আসেন। সেখানে এসআই আবুল বাশারের সঙ্গে তার পরিচয় হয়। গত ১৩ অক্টোবর বিকালে মামলার বিষয়ে জানতে বাশারকে ফোন দেন ওই গৃহবধূ। তখন ঠিকানা চেয়ে নিয়ে ওই নারীর সঙ্গে দেখা করার এক পর্যায়ে এসআই বাশার জানান, তার নিজস্ব একটি অফিসিয়াল কক্ষ আছে, সেখানে গিয়ে তারা কথা বলতে চান।
“তখন ওই নারী এসআই আবুল বাশারের সঙ্গে নগরীর প্যারারা রোডের আলভি নামের একটি আবাসিক হোটেলের ২০৪ নম্বর কক্ষে যান। বাশার সেখানে ওই নারীকে জোর করে ধর্ষণ করেন।”
বরিশাল মহানগর পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, এসআই আবুল বাশারকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হবে।
