২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে তুলে নিয়ে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৩

গৃহবধূর ভাই বলেন, “আমার বোন নির্যাতনকারীদের হাত-পা ধরে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিলেন।”

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2022, 11:54 PM

Updated : 22 Aug 2022, 12:12 AM

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক থেকে তুলে নিয়ে এক গৃহবধূকে ‘দলবেঁধে’ ধর্ষণের অভিযোগে উঠেছে; এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

উপজেলার বকুয়া ইউনিয়নের চাপধাবাজার এলাকার শুক্রবার এ ঘটনা ঘটে বলে হরিপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান।

গ্রেপ্তারকৃরতরা হলেন, হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের চাপধা হাটপুকুর গ্রামের সলেমান আলীর ছেলে ফজলুর রহমান, চাপধা পিপলা গ্রামের করিমুল ইসলামের ছেলে রিসাদ, একই এলাকার গুচ্ছগ্রামের শাহজাহান আলীর ছেলে আকাশ।

পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাকে তার বাবার বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলায় নিয়ে যান স্বজনেরা।

রোববার দুপুরে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির বাইরে একটি ভ্যান দাঁড়িয়ে আছে। এ সময় অচেনা লোকজন দেখে ওই গৃহবধূ ঘরের ভেতর চলে যান।

পরে তার ভাইয়ের সঙ্গে কথা হলে তিনি জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অনেকেই তাদের বাড়িতে আসছেন। এতে তারা বিব্রত হচ্ছেন। তার বোনও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

ঘটনার পর থেকে তার বোন কান্নাকাটি করছেন জানিয়ে তিনি বলেন, “আমার বোন নির্যাতনকারীদের হাত-পা ধরে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন।”

এ ঘটনায় গত শনিবার সকালে ওই গৃহবধূ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে হরিপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার অপর দুই আসামি হলেন, রকিম ও লস্কর।

নথির বরাতে মামলার তদন্তকারী কর্মকর্তা হরিপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত শুক্রবার বিকালে সাত বছর বয়সী ছেলেকে নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শ্বশুরবাড়ি থেকে হরিপুরে বোনের বাড়িতে যাচ্ছিলেন ওই গৃহবধূ (৩২)। পথে হরিপুর উপজেলার কামারপুকুর বাসস্ট্যান্ড এলাকায় ব্যাটারিচালিত একটি ইজিবাইকে ওঠেন গৃহবধূ ও তার ছেলে। চালক ওই গৃহবধূর কাছ থেকে গন্তব্য জেনে নেন।”

“তখন ইজিবাইকে আরও চারজন যাত্রী ছিলেন। কিছু দূর যাওয়ার পর তারা ওই গৃহবধূ ও তার ছেলেকে জোর করে বকুয়া ইউনিয়নের চাপধাবাজার এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যান। এ সময় গৃহবধূ ধস্তাধস্তি করলে সঙ্গে থাকা তার ছেলের গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে চুপ থাকতে বলা হয়। পরে সেখানে ওই গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ করা হয়।”

পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ওই দিন রাত ১২টার দিকে ওই গৃহবধূকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যাওয়ার সময় ফজলুর রহমান নামের এক তরুণকে আটক করেন স্থানীয়রা। পরে তারা ঘটনাটি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানান। আটক ফজলুর দেওয়া তথ্যে অভিযান চালিয়ে রিসাদ ও আকাশকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি বলেন, “গ্রেপ্তার তিন আসামিকে রাতেই আদালতে নেওয়া হয়। আদালতে তারা ঘটনা সম্পর্কে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাদের ঠাকুরগাঁও জেলা কারাগারের পাঠানো হয়।”

অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান আনোয়ার হোসেন।