বালাসি-বাহাদুরাবাদ লঞ্চ বন্ধ, নৌকায় পারাপার
ছোট ছোট নৌকায় ঝুঁকি নিয়ে গাদাগাদি করে যাতায়াত করেন যাত্রীরা।
ব্রহ্মপুত্র নদে নাব্যতা হ্রাসের কারণে বালাসি-বাহাদুরাবাদ নৌ-রুটে দুই মাস লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফলে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় যাত্রীরা ‘ঝুঁকি নিয়ে’ যাতায়াত করছেন।
এ সুযোগে যাত্রীদের কাছ থেকে ১০০-১৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ৯ এপ্রিল নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ রুটে লঞ্চ সার্ভিস উদ্বোধন করেন।
রোববার সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসি ঘাটে সরেজমিনে দেখা গেছে, ব্রহ্মপুত্র নদীতে কয়েকটি ছোট ছোট নৌকায় ঝুঁকি নিয়ে গাদাগাদি করে যাতায়াত করছেন যাত্রীরা। কিছু লোক আবার নৌকার জন্য নদীতীরে অপেক্ষা করছেন। এসব নৌকার উপরে ছাউনি নেই। নেই নিরাপত্তামূলক ব্যবস্থা। এছাড়া বালুচর জেগে ওঠায় কর্তৃপক্ষ মূল ঘাট থেকে দূরে ঘাট স্থাপন করেছে। ফলে ঘাটে পৌঁছাতে যাত্রীদের ঘোড়ার গাড়ি নিতে হচ্ছে।
বালাসীঘাট এলাকার আনিছার মিয়া (৪৫) নামে এক যাত্রী বলেন, স্ত্রী ও তিন বছরে শিশু সন্তানকে নিয়ে নৌকা করে যাতায়াত করতে হচ্ছে। কয়েক মাস আগে বালাসিঘাট থেকে লঞ্চ চলাচল করেছে। এখন মাঝ নদীর মধ্যে লঞ্চ আটকে আছে।
একই এলাকার সাদেকুল ইসলাম (৫০) বলেন, নদীর পানি শুকিয়ে চর জেগে উঠেছে। তাই আর লঞ্চ চলে না। দীর্ঘদিন থেকে নদী খননের কথা বলছে সরকার। কিন্তু খনন করা হচ্ছে না।
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি গ্রামের ফরিদুল ইসলাম (৫২) বলেন, লঞ্চ চালু থাকলে ভোগান্তি এবং খরচ কম হয়। লঞ্চ বন্ধ হওয়ায় যেমন ভোগান্তি বাড়ছে তেমনি খরচও বাড়ছে। প্রত্যেক যাত্রীকে অতিরিক্ত ১৫০ টাকা ভাড়া দিতে হচ্ছে। সঙ্গে ব্যাগ বা মোটরসাইকেল থাকলে আরও অতিরিক্ত ৫০ টাকা দিয়ে পারাপার হতে হচ্ছে।
ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের চাকরিজীবী আলমগীর হোসেন বলেন, বাধ্য হয়ে তিনি নৌকায় জামালপুরের বাহাদুরাবাদ থেকে গাইবান্ধার বালাসিঘাট এসেছেন। কিন্তু নৌকায় অধিক লাভের আশায় ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে। ফলে ঝুঁকি বেড়েছে।
একই গ্রামের ব্যবসায়ী আমিনুল ইসলাম (৫৫) বলেন, লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় মানুষ নৌকার উপর নির্ভরশীল হয়েছেন। এ সুযোগে জনপ্রতি ৩০০-৩৫০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।
গাইবান্ধা শহরের মুরাদ মিয়া (৬০) এই রুটে প্রায়ই জামালপুর যান।
তিনি বলেন, বেশি ভাড়া নেওয়া হলেও নৌকায় নাগরিক সুবিধা নেই। নেই যাত্রী ছাউনি কিংবা ছাতার ব্যবস্থা। রোদে পুড়ে যেতে হয়। এতে শিশু, বৃদ্ধ ও নারী যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে। অতিরিক্ত যাত্রীর কারণে দুঘর্টনা ঘটলে নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা নেই।
তবে বালাসিঘাটের ইজারাদার বাদল মিয়া অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, লঞ্চ চলাচল বন্ধ থাকায় নৌকায় যাত্রীর চাপ বেড়েছে। এই রুটে প্রতিদিন ছোট-বড় ১৫-২০টি নৌকা যাতায়াত করে।
বালাসি-বাহাদুরাবাদ লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ মিয়া বলেন, উদ্বোধনের পর থেকে প্রতিদিন বালাসিঘাট থেকে তিনটি লঞ্চ চলাচল করত। জনপ্রতি ভাড়া ১২০ টাকা। প্রতিটি লঞ্চ ১৫০-২৫০ আসনবিশিষ্ট। যেতে সময় লাগত পৌনে দুই ঘণ্টা ও আসতে লাগত আড়াই ঘণ্টা। কিন্তু নাব্যতা সংকটের কারণে নিয়মিত লঞ্চ চালানো যাচ্ছে না। লঞ্চ নিয়মিত চালাতে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষের কাছে ড্রেজার চাওয়া হয়েছে। ড্রেজিং ছাড়া এ রুটে লঞ্চ চালানো সম্ভব নয়।
গাইবান্ধা রেল স্টেশন থেকে জানা যায়, বৃটিশ সরকার ১৯৩৮ সালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তিস্তামুখঘাট এবং জামালপুর জেলার বাহাদুরাবাদ নৌরু ট চালু করে। তখন এই অঞ্চলের আট জেলার মানুষ ট্রেনযোগে তিস্তামুখঘাট হয়ে ঢাকায় যেতেন। দূরত্ব তিন-চারঘণ্টা কমেছিল।
১৯৯০ সালে নদীর নাব্যতা সংকটে তিস্তামুখ ঘাট একই উপজেলার বালাসিতে স্থানান্তর করা হয়। এজন্য প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ত্রিমোহিনী থেকে বালাসি পর্যন্ত নতুন প্রায় ছয় কিলোমিটার রেলপথ নির্মিত হয়। তখন বালাসি-বাহাদুরাবাদ রুটের মাধ্যমে একইভাবে রেল যোগাযোগ ব্যবস্থা চালু ছিল।
১৯৯৬ সাল থেকে নদীর নাব্যতা হ্রাসের কারণে বালাসি-বাহাদুরাবাদ রুটে রেলওয়ের ফেরি চলাচল বন্ধের উপক্রম হয়ে যায়। এর মধ্যে ১৯৯৮ সালের জুন মাসে যমুনা বহুমুখী সেতু চালু হয়। ফলে ২০০০ সাল থেকে এ রুটে রেলের ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তখন থেকে প্রায় ২২ বছর ধরে বালাসি-বাহাদুরাবাদ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। দীর্ঘ সময় পর চলতি বছরের ৯ এপ্রিল বালাসি-বাহাদুরাবাদ নৌরুটে লঞ্চ সার্ভিস চালু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। এজন্য উভয় পাশে ১৪৫ কোটি টাকা ব্যয়ে নৌ টার্মিনাল নির্মাণ করে। কিন্তু গাইবান্ধাবাসীর বহু প্রত্যাশিত লঞ্চ সার্ভিস উদ্বোধন করা হলেও তা কাজে আসছে না।
