কুষ্টিয়ায় শিশু ধর্ষণের মামলায় দর্জির যাবজ্জীবন
পুতুলের জামা বানিয়ে দেওয়ার কথা বলে শিশুটিকে দোকানে নিয়ে ধর্ষণ করে দণ্ডিত হানিফ।
কুষ্টিয়ার কুমারখালীতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মামলায় এক দর্জির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
রোববার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল হালিম।
দণ্ডপ্রাপ্ত আবু হানিফ ওরফে হানিফ (৪৮) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হাবাসপুর গ্রামের সোলাইমান ওরফে শলক মোল্লার ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে ওই শিশু স্থানীয় হানিফ দর্জির দোকানের সামনে যায়। এ সময় তাকে পুতুলের জামা বানিয়ে দেওয়ার নাম করে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করেন হানিফ। পরে শিশুটি মায়ের কাছে বিষয়টি খুলে বললে তিনি অসুস্থ্ মেয়েকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় সেদিনই শিশুটির বাবা বাদী হয়ে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আবু হানিফ ওরফে হানিফ দর্জিকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানার এসআই মাসুদুর রহমান আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে।
পিপি আব্দুল হালিম বলেন, ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় একমাত্র আসামি আবু হানিফকে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। এই টাকা আদায় করে ভিক্টিমের পরিবারকে দেওয়ার আদেশ হয়েছে।
