সহিংসতার শিকার হলে নির্বাচন থেকে সরে দাঁড়াব: যশোরে জাতীয় পার্টির বাচ্চু
প্রধান নির্বাচন কমিশনার অভয় দিলেও ‘পরিবেশ না দেখে’ আশ্বস্ত হতে পারছেন না যশোরের এক স্বতন্ত্র প্রার্থী।
প্রচার-প্রচারণায় সহিংসতার শিকার হলে খুলনা বিভাগে তাদের সব প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলছেন যশোর-৩ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী মাহাবুব আলম বাচ্চু।
শুক্রবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভা শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
বেলা ৩টায় শেখ হাসিনা আইসিটি পার্ক অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে যশোরের ছয়টি আসনের প্রার্থীদের মতবিনিময় সভা হয়।
এতে ওই আসনগুলোর বিভিন্ন দলের ৩১ জন প্রার্থী অংশ নেন।
প্রায় এক ঘণ্টার এ সভা শেষে বেরিয়ে এসে জাতীয় পার্টির মাহাবুব আলম বাচ্চু সাংবাদিকদের জানান, তারা নির্বাচনের সার্বিক পরিস্থিতি প্রধান নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরেছেন।
জানিয়েছেন, প্রচার-প্রচারণায় কোনো ধরনের সহিংসতার শিকার হলে তাদের দলের খুলনা বিভাগের সব প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।
তবে প্রধান নির্বাচন কমিশনার একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস তাদের দিয়েছেন।
যশোর-৫ আসনের নৌকার প্রার্থী স্বপন ভট্টাচার্য্য ও যশোর-৬ আসনের শাহীন চাকলাদার জানান, প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যে তারা অনেকটা আশ্বস্ত হয়েছেন।
যশোর-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী জানান, তারাও প্রচার প্রচারণায় বাধার বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন।
কমিশন প্রধান অভয় দিলেও পরিবেশ না দেখে তারা আশ্বস্ত হতে পারছেন না।
যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
বৈঠকে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলমও ছিলেন।
এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার যশোরে ১৩ জেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
