২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে একদিনে ৪২ জনের ডেঙ্গু শনাক্ত

জেলায় বর্তমানে হাসপাতালে মোট চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১১১ জন।

Shahria Bappy Shahria Bappy

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 12:18 PM

Updated : 23 Aug 2023, 12:50 PM

নরসিংদীতে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন ৪২ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত জেলায় এই রোগীদের শনাক্ত করা হয় বলে জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।

এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে মোট চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১১১ জনে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় বেসরকারি হাসপাতালে দুজন এবং সরকারি হাসপাতালে ৪০ জনসহ মোট ৪২ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন ১১১ জন রোগীর মধ্যে ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬৫ জন, জেলা সদর হাসপাতালে ২৫ জন, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন ও রায়পুরায় রয়েছেন তিনজন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২২ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত নরসিংদীতে মোট ১ হাজার ১৭০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে একজন।

প্রতিদিন জ্বর ও ডেঙ্গুর নানা উপসর্গ নিয়ে হাসপাতালগুলোয় রোগীদের ভিড় জমাতে দেখা গেছে।