২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা

ফুটবল খেলায় পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটি, পরে ‘দলবল নিয়ে এসে কুপিয়ে হত্যা’।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2022, 12:32 AM

Updated : 24 Jul 2022, 12:32 AM

মাগুরার মহম্মদপুর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে এক মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত হাসিবুল মুন্সী (১৪) উপজেলার ঝামা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। চরঝামা গ্রামের শায়েখ মুন্সীর ছেলে হাসিবুল।

শনিবার সন্ধ্যায় তাকে হত্যা করা হয় বলে মহম্মদপুর থানার পরিদর্শক আশরাফুল ইসলাম জানান।

হাসিবুলের চাচা সাইফার মুন্সীসহ বলেন, শনিবার বিকালে চরঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় দুই পক্ষের ফুটবল খেলা ছিল। এই খেলায় পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়া নিয়ে হাসিবুলের সঙ্গে এক তরুণের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। সন্ধ্যায় তারা দলবল নিয়ে এসে হাসিবুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পথে হাসিবুল মারা যান।

পরিদর্শক আশরাফুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।