২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমো হ্যাক করে চাঁদা দাবি: যুবকের ৫ বছরের কারাদণ্ড

ভুক্তভোগী নারী ২০২২ সালের ১৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর বিষয়টি তদন্তের জন্য নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2024, 04:13 PM

Updated : 27 Feb 2024, 04:13 PM

দুইজন ইমো ব্যবহারকারীর অ্যাকাউন্ট ‘হ্যাক’ করে তারপর সেই আইডি ফিরিয়ে দিতে চাঁদা দাবি করার অভিযোগে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে রাজশাহীর একটি আদালত। 

মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান। 

দণ্ডিদ ২৭ বছর বয়সী রাজু আহমেদ নাটোর জেলার লালপুর উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের আজিজুর রহমান সেন্টুর ছেলে। 

পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি বিচারক তাকে পাঁচ লাখ টাকা জরিমানাও দিয়েছেন। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন; পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, রাজু নারী সেজে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে একটি অ্যাকাউন্ট খোলেন। পরে অ্যাকাউন্টটি ব্যবহার করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এক নারী ও তার প্রবাসী বোন জামাইয়ের ইমো অ্যাকাউন্ট হ্যাক করেন। এরপর আইডি ফিরিয়ে দিতে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। 

ভুক্তভোগী নারী ২০২২ সালের ১৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর বিষয়টি তদন্তের জন্য নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়। তদন্ত শেষে পুলিশ এ ঘটনায় রাজু জড়িত রয়েছে নিশ্চিত হওয়ার পর ২০২৩ সালের ১৩ মার্চ তাকে গ্রেপ্তার করে। সেদিনই পুলিশ বাদী হয়ে রাজুর বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলা দায়ের করে।

ইসমত বলেন, একটি ধারায় রাজুকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। 

অন্য আরেক ধারায় তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অর্থ অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।