২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে কোরবানির হাটে ভিড় বেশি, বিক্রি কম

মধ্যবিত্ত শ্রেণির মানুষকে বাজেট অনুযায়ী পশু কিনতে হিমশিম খেতে হচ্ছে বলে জানালেন ক্রেতারা।

নরসিংদীতে কোরবানির হাটে ভিড় বেশি, বিক্রি কম

নরসিংদীর শিবপুরের পুটিয়া বাজার।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2023, 11:40 PM

Updated : 24 Jun 2023, 11:40 PM

ঈদকে কেন্দ্র করে নরসিংদীতে স্থায়ী ও অস্থায়ী পশুর হাটে ক্রেতা-বিক্রেতার ভিড় বেড়েছে; কিন্তু এখনও জমেনি বেচাকেনা।

পুরো জেলায় ৭১টি হাটে ছোট-বড় সব ধরনের পশুর আমদানি থাকলেও দাম বাড়তি থাকায় পশু বেচাকেনা পুরোপুরি জমে উঠেনি বলে জানান বিক্রেতারা।

শনিবার সকাল থেকে জেলার অন্যতম বৃহৎ স্থায়ী পশুর হাট শিবপুরের পুটিয়া বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট, বড় ও মাঝারী আকারের গরু নিয়ে হাজির বিক্রেতারা। পাশাপাশি রয়েছে মহিষ, ভেড়া ও ছাগল।

প্রচুর পশুর আমদানি ও ক্রেতা-বিক্রেতায় সকাল থেকে এই হাট মুখর হয়ে উঠেছে।সেই তুলনায় বেচাকেনা তুলনামূলক কম থাকলেও বিকালে বাড়তে থাকে।

অন্যান্য বছরের তুলনায় প্রতি ছোট গরুতে ২০-৩০ হাজার ও বড় গরুতে ৫০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত বেশি দাম চাওয়া হচ্ছে বলে জানান ক্রেতারা।

এতে মধ্যবিত্ত শ্রেণির মানুষকে বাজেট অনুযায়ী পশু কিনতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান ক্রেতারা। অপরদিকে গো-খাদ্যের দাম বাড়ায় লালন-পালন খরচ বেড়ে যাওয়ায় পশুর দাম বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।

অন্যদিকে বাজারে ছোট ও মাঝারি আকারের গরুর বেশি চাহিদা বলে জানান ক্রেতা-বিক্রেতারা।

বিক্রেতা ও পাইকাররা বলছেন, ছোট ও মাঝারী আকারের গরু কমবেশি বেচাকেনা হলেও বড় গরুর বেচাকেনা কিছুটা কম।

তারা অল্প লাভেই পশু বিক্রি করছেন। ঈদ ঘনিয়ে আসায় শেষ মুহুর্তে বেচাকেনা আরও বাড়বে বলে আশাবাদী বিক্রেতারা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গরু কিনতে আসা শেখ নান্নু মিয়া জানান, অন্যান্য বাজারের তুলনায় পুটিয়া বাজারটি অনেক বড়, পশুর দামও কিছুটা কম। কেনাবেচা খুব একটা খারাপ না, তবে গতবারের তুলনায় দাম একটু বেশি।

ক্রেতা কাউছার মিয়া বলেন, “পশুর দাম অনুযায়ী বাজেট মিলছে না।গো-খাদ্যের দাম বাড়ার কারণে সব পশুর দাম বেশি চাওয়া হচ্ছে। বাজার ঘুরে কেনার চেষ্টা চলছে। এই বাজারে কিনতে না পারলে অন্য বাজারে যাব।”

ক্রেতা নুরুদ্দিন মোল্লা বলেন, “বাজার বেশি অস্থিতিশীল মনে হচ্ছে না, ভারসাম্যপূর্ণই মনে হচ্ছে। আজকে পুটিয়া গরুর হাঁটের ঈদের প্রথম বাজার হিসেবে কেনা-বেচাও খারাপ বলা যাবে না।”

গরু বিক্রি করতে আসা হাসান আলী বলেন, “গরুর যা দাম বলার কথা কাস্টমার তার চেয়ে কম বলেন। গরুর মাংসের দাম ৭৫০ টাকা কেজি, ক্রেতারা এসে দামাদামি করেন ৪০০ টাকা ৪৫০ টাকা ধরে।“ 

মহিষ বিক্রি করতে আসা শ্রাবণ বলেন, “দুইটা মহিষ পালন করছিলাম কুরবানির হাটে বেচার জন্য। আজ বাজারে নিয়া আইসা দাম ভালো পেয়ে বিক্রি করেছি।”

কোরবানির পশু বিক্রি করতে আসা তানভীর হোসেন বলেন, “প্রায় সাড়ে পাঁচ মণ ওজনের একটি ষাঁড় বিক্রি করেছি ২ লাখ ১৬ হাজার টাকায়। দাম মোটামুটি ভালই পেয়েছি।”

নরসিংদীর শিবপুরের পুটিয়া পশুর হাটের ইজরাদার মারুফ ইব্রাহিম বলেন, “ক্রেতা-বিক্রেতার ভিড়ে বাজার জমে উঠেছে। আশা করছি, বেচাকেনা ভাল হবে। বড় গরু কিনলে ইজারার টাকায় ২০ ভাগ ছাড় দিচ্ছি।”

তিনি বলেন, “বাজারে ক্রেতা-বিক্রেতার থাকার সুব্যবস্থাসহ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।”

পশু অসুস্থ হয়ে পড়লে প্রাণি সম্পদ বিভাগের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে বলে জানান তিনি।