ফরিদপুরে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, পালিয়ে গেছে ছেলে
আটক করা ইয়াবার বাজারমূল্য আনুমানিক অর্ধ কোটি টাকা হবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
ফরিদপুরের ভাঙ্গায় ১৭ হাজার ৩০০ ইয়াবাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। তাদের ছেলেও ‘মাদক ব্যবসা’র সঙ্গে জড়িত দাবি করে সে পালিয়ে গেছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নারকোটিকস এর একটি আভিযানিক দল জেলার ভাঙ্গা থানার সোনাখোলা গ্রামের ‘মাদক ব্যবসায়ী’ আব্দুল মাতুব্বরের বাড়িতে তল্লাশি পরিচালনা করে।
এ সময় বাড়িতে গোপন স্থানে রাখা একটি স্টিলের ওয়ারড্রয়ার থেকে ১৭ হাজার ৩০০ ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো তিন তাক বিশিষ্ট ওয়ারড্রয়ারের উপরের ড্রয়ারে একটি সিনথেটিকের শপিং ব্যাগে লুকানো ছিল।
এসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল মাতুব্বর (৫২), তার স্ত্রী হেনা বেগমকে (৪১) গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে এই দম্পতির ছেলে ও ‘মাদক সিন্ডিকেটে’র অন্যতম সদস্য সজীব মাতুব্বর (২৭) কৌশলে পালিয়ে যায় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা শামীম।
তিনি আরও বলেন, সজীব মাতুব্বর কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে।এরপর নিজ বাড়িতে রেখে বাবা-মার সহযোগিতায় ‘মাদক ব্যবসা’ পরিচালনা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
আটক করা ইয়াবার বাজারমূল্য আনুমানিক অর্ধ কোটি টাকা হবে বলে জানান তিনি।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।
